বাংলাদেশ দলে হঠাৎই দুশ্চিন্তার ছায়া

হঠাৎ দুশ্চিন্তায় বাংলাদেশ দলছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘ লুকোচুরি খেলার জন্য যেন চট্টগ্রামের আকাশকে বেছে নিয়েছে। দুই দিন ধরে হুট করেই আকাশ অন্ধকার হয়ে আসে। বৃষ্টি আসি আসি করেও শেষ পর্যন্ত আসে না। কিছুক্ষণ পরই আবার কড়া রোদ। এর ওপর ভ্যাপসা গরম তো আছেই।

বাংলাদেশ দলকেও প্রথম দুই দিন অনুশীলন করতে হয়েছে আকাশের মন বুঝে। প্রথম দিন প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে অনুশীলন বন্ধ থাকলেও পরদিন থেকে আগেভাগেই মাঠে হাজির হন ক্রিকেটাররা। বৃষ্টিতে কিছু সময় নষ্ট হলেও যেন সেটি পরে পুষিয়ে দেওয়া যায়।

আরও পড়ুন

দ্বিতীয় দিন অবশ্য বৃষ্টি বাধা হয়ে আসেনি। কিন্তু অনুশীলন শেষ হতে না হতেই আরেক ভয় ঢুকে গেছে বাংলাদেশ দলে। সেটি সাকিব আল হাসানের কারণেই। করোনায় আক্রান্ত হয়ে সাকিব এখন আইসোলেশনে। ১৫ মের চট্টগ্রাম টেস্টের দল থেকে তিনি ছিটকে গেছেন। কাল এই খবর নিশ্চিত হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট নিয়ে বাংলাদেশ দলের সব পরিকল্পনা ভেস্তে যাওয়ার কথা।

সাকিব না থাকায় চিন্তিত বাংলাদেশ দল
ছবি: প্রথম আলো

আজ ক্রিকেটারদের ছুটির দিন। দুই দিনের অনুশীলনের পর একটা দিন বিশ্রামে কাটাচ্ছেন ক্রিকেটাররা। দুই দিনের কঠোর অনুশীলনের পর ক্রিকেটারদের আজ ফুরফুরে মেজাজে থাকার কথা। কিন্তু চট্টগ্রামের আবহাওয়ার মতোই বাংলাদেশ দলের টিম হোটেলে ক্রিকেটারদের মুডও গুমোট। হুট করেই সাকিবের না থাকা যে বিরাট বড় ধাক্কা।

অনেকে বলতেই পারেন, গত কয়েকটি টেস্ট সিরিজ বাংলাদেশ তো সাকিবকে ছাড়াই খেলেছে। এই সিরিজে না থাকা এ এমন নতুন কি। যদি শুধু সাকিবই না থাকতেন, তাহলে হয়তো দুশ্চিন্তা এত হতো না। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ পাচ্ছে না মেহেদী হাসান মিরাজকে। ঢাকা প্রিমিয়ার লিগে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন তিনি। চট্টগ্রাম টেস্ট তো বটেই, ঢাকা টেস্টেও মিরাজের থাকা নিয়ে শঙ্কা আছে। আর দলের মূল ফাস্ট বোলার তাসকিন আহমেদ তো আগেই চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন।

সাকিবের অবর্তমানে টেস্ট দলে অলরাউন্ডারের দায়িত্বটা মিরাজই পালন করছিলেন। বোলিংয়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। ব্যাটিংয়েও তাই। মিরাজ ছিটকে পড়ায় সাকিবের দিকেই তাকিয়ে ছিল টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ের সঙ্গে সাকিবের ব্যাটিং দলের ভারসাম্য গড়ে দেবে, এমনই ছিল ভাবনা। কিন্তু কাল সেই পরিকল্পনা মাঠে মারা গেল।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন রেজাউর
ছবি: প্রথম আলো

আজ টিম হোটেলে দলের প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে তরুণ পেসার রেজাউর রহমান বলছিলেন, ‘আসলে সাকিব ভাই থাকলে আমাদের বাড়তি একটা সুবিধা থাকে, ব্যাটিং-বোলিং দুটিই। উনি বিশ্বমানের ক্রিকেটার, সাকিব ভাই থাকলে আমাদের বাড়তি শক্তি থাকত আর কী। যেহেতু এটা আমাদের হাতে নাই। ওনার বদলে যে খেলবে, সে অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’

মিরাজ ও তাসকিনের প্রসঙ্গও এসেছে রেজাউরের সংবাদ সম্মেলনে, ‘আসলে ওরা যেহেতু আমাদের সেরা ক্রিকেটার, ওরা থাকলে আমাদের একটা বাড়তি সুবিধা তো থাকতই। যারা ওনাদের জায়গায় খেলবে, ওরা মুখিয়ে থাকবে যে ভালো পারফরম্যান্স করতে চাইবে। আমার কাছে মনে হয় যারা খেলবে তাদের জন্য এটা ভালো সুযোগ।’

টেস্ট দলে না থেকেও মোস্তাফিজুর রহমানের প্রসঙ্গটি ঘুরেফিরে আসছে প্রতিটি সংবাদ সম্মেলনে। রেজাউরকেও কথা বলতে হলো সেটি নিয়ে। চোট-আঘাত ও করোনার সমস্যার মধ্যে মোস্তাফিজ থাকলে যে দলের জন্য ভালো হতো সেটা তো সবারই জানা। তবে রেজাউরের কাছে মোস্তাফিজের থাকার সুবিধা ভিন্ন, ‘দেখুন, একটা জিনিস। মোস্তাফিজ ভাই হচ্ছে বিশ্বমানের বোলার। উনি দলে থাকা মানে আমাদের আলাদা একটা শক্তি। যেহেতু নাই, আমরা যারা আছি চেষ্টা করব...। অবশ্যই মিস তো করছি, যেহেতু তিনি একজন বিশ্বমানের ক্রিকেটার। উনি থাকলে ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম।’