বাংলাদেশ দলের অনুশীলনে কেএল রাহুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে রাহুল। ছবি: টুইটার
অনুশীলনে রাহুল। ছবি: টুইটার
কাল পুরো ভারত যখন ম্যাচে ব্যস্ত, সেই সময় ভারতকে মাথায় রেখেই ঘেরাটোপে অনুশীলন করছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ দলের অনুশীলনে এক ভারতীয় ব্যাটসম্যান। কে এল, কে এল খোঁজ নিতে জানা গেল, এসেছেন কেএল রাহুল। ইনিংস বিরতিতে রাহুল এসেছিলেন মিনিট দশেকের জন্য নক করতে।

এজবাস্টনের গ্যালারি যেন ফেটে পড়ল! ভারতীয় সমর্থকদের বিপুল করতালি আর হর্ষধ্বনিতে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়েও বুঝতে অসুবিধা হয়নি, ইংল্যান্ড আরেকটি উইকেট হারিয়েছে। মুঠোফোনের অ্যাপ থেকে জানা গেল, দলকে ২০৫ রানে রেখে ফিরে গেছেন সেঞ্চুরিয়ান জনি বেয়ারস্টো।

ইংল্যান্ড আর ভারতের সাংবাদিকেই কাল এজবাস্টনের প্রেসবক্স ভরা ছিল। আইসিসির মিডিয়া বিভাগকে প্রেসবক্সে প্রবেশাধিকারের জন্য বিশেষ অনুরোধ করেও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ভাবটা এমন, ‘তুমি হলে বাংলাদেশের সাংবাদিক। তোমার এই ম্যাচ দেখে কাজটা কী!’

অগত্যা স্টেডিয়ামের বাইরে থেকেই ভারত-ইংল্যান্ড ম্যাচের আবহ নেওয়া। সেটি নিতে গিয়ে বাংলাদেশের চেনা একটি দৃশ্য দেখা গেল এজবাস্টনের গেটে। ১৫-২০ জন মানুষের একটা জটলা। মাঝখানে টিকিট হাতে দাঁড়ানো লম্বামতো এক লোক বেশ জোরে জোরেই বলছেন, ‘৩৫০ পাউন্ডের নিচে এক পাউন্ডেও হবে না।’ আশপাশের লোকজনের আপত্তি, ‘১৫০ পাউন্ডের টিকিটের দাম এত বেশি কেন!’ বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই, ইংল্যান্ডেও বিশ্বকাপের টিকিট কালোবাজারে বিক্রি হয়। কালোবাজারিকে ব্রিটিশ বলেই মনে হলো। আগ্রহী ক্রেতাদের সবার গায়ে ভারতের জার্সি।

স্টেডিয়ামের গেটে প্রকাশ্যে টিকিট কালোবাজারি হচ্ছে, অথচ সেটি কেউ দেখছে না! ইংল্যান্ডের মতো আইন মানা দেশে একটু অস্বাভাবিকই লাগল ব্যাপারটা। সাংবাদিকদের কাজ দুরূহ করে তোলার ব্যাপারে অবশ্য আইনের কড়াকড়ির কমতি নেই। কাল তো বাংলাদেশ দল অনুশীলনে যাওয়ার জন্য টিম হোটেল থেকে বের হওয়ার সময় অনেক দূরেই লোহার বেড়া বসিয়ে দেওয়া হলো। ফুটপাত থেকে হোটেলের দিকে এক পা দেওয়ার সামর্থ্য থাকল না সংবাদকর্মীদের।

অনুশীলনের মাঠটা এজবাস্টন রোডে স্টেডিয়ামের গা ঘেঁষে। সেখানেও বাংলাদেশ দল অনুশীলন করেছে নিজেদের নিরাপত্তার চাদরে ঢেকে। গেট আলাদা বলে ভারত-ইংল্যান্ড ম্যাচের প্রবেশাধিকার না থাকলেও অনুশীলন মাঠে ঢোকায় সমস্যা ছিল না। তবু দল থেকে আগেই জানিয়ে দেওয়া হয়, মিডিয়ার অনুশীলনে যাওয়ার সুযোগ নেই। এটা নাকি আইসিসিরই নির্দেশনা।

গেট বন্ধ, রাস্তার পাশে দাঁড়িয়ে যেন কেউ অনুশীলন দেখতে না পারে, সে জন্য লোহার গ্রিলের বেড়া ঢেকে দেওয়া হয় বিশ্বকাপের লোগো আঁকা রঙিন কাপড় দিয়ে। দু-একটি জায়গায় ফাঁক ছিল। চাইলে খুব কাছে গিয়ে চোখ লাগিয়ে ভেতরটা দেখা যায়। একটু পর বাড়তি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলে সেই ফাঁকগুলোও।

ফুটপাত থেকে তবু একটু উঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা হলো। অনুশীলনে কী এমন হচ্ছে যে সবকিছু এভাবে ঢেকে ফেলা! বাংলাদেশ দলের এক ক্রিকেটার অনুশীলন মাঠের ভেতর থেকে এই প্রতিবেদককে দেখে বললেন, ‘আজ এখানে উঁকি দিয়েন না...। আমরা লুকিয়ে অনুশীলন করব।’ একে তো তাঁর এই কথা, ওদিকে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে দেখা গেল রিমোট হাতে দারুণ দক্ষতায় বিশাল এক ড্রোন ওড়াচ্ছেন। পর্দার আড়ালে থেকে কিছু করলে সবকিছুতেই কৌতূহল সৃষ্টি হতে পারে। ম্যাকেঞ্জির ড্রোন ওড়ানো দেখেও মনে হলো কি-না-কি হচ্ছে অনুশীলনে! নইলে ড্রোন কেন? পরে বুঝতে অসুবিধা হয়নি, ওটি আসলে আইসিসির ডিজিটাল বিভাগের ড্রোন। ম্যাকেঞ্জি মজা করার জন্যই হাতে নিয়েছিলেন রিমোটটা।

বেশি চমকে উঠতে হলো বাংলাদেশ দলের অনুশীলনে ভারতীয় ওপেনার কেএল রাহুলকে দেখে। সঙ্গে বল ছোড়ার জন্য টিম ম্যানেজমেন্টের শ্রীলঙ্কান এক সদস্য, ঘণ্টায় ১৩০-১৩৫ কিলোমিটার গতিতে বল ছোড়ায় যার আছে বিশেষ খ্যাতি। কিন্তু বাংলাদেশের অনুশীলনে প্রতিপক্ষ ভারতের ব্যাটসম্যান কেন! ইনিংস বিরতিতে রাহুল এসেছিলেন আসলে মিনিট দশেকের জন্য নক করতে। একটু পরই ব্যাটিং করবেন। তার আগে একটু গা ঝালাই করে নেওয়া।

এর আগে বারবারই গগনবিদারী উল্লাস ভেসে এসেছে পাশের এজবাস্টন স্টেডিয়াম থেকে। পুরো বার্মিংহাম যেন ফেটে পড়ছিল ইংলিশ ব্যাটসম্যানদের ড্রেসিংরুমে ফেরানোর আনন্দে। সেই উল্লাস, সেই আনন্দ ছুঁয়ে গেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরও। কে আউট হয়েছেন, সেটি অনুশীলন মাঠ থেকে তাঁদের বোঝার উপায় ছিল না। কিন্তু মাশরাফি-সাকিব-মোসাদ্দেকরা জানতেন ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করছে এবং দর্শকদের বেশির ভাগ ভারতের সমর্থক। গ্যালারিতে উল্লাসধ্বনি ওঠা মানেই ইংল্যান্ডের উইকেট পতন। বেয়ারস্টোর আউটের পর পর্দার ফাঁক দিয়ে দেখা গেল, গ্যালারির চিৎকার কানে আসতেই হাততালি দিয়ে ওঠেন বাংলাদেশের দুই ক্রিকেটার। একজন আবার মুঠোবন্দী দুই বাহু তুলে একটা ঝাঁকিও দিলেন। যেন বেয়ারস্টোর উইকেট তিনিই পেয়েছেন!

ইংল্যান্ডের স্কোর শেষ পর্যন্ত ৩৩৭ রান। একেবারে খারাপ নয়, আবার ভারতীয় ব্যাটিংয়ের সামনে এটিও হয়ে যেতে পারে নগণ্য। এ প্রতিবেদন লেখার সময় তো রাহুল আর বিরাট কোহলির উইকেট হারিয়েই ১৪৬ রান। ফলাফল শেষ পর্যন্ত যা-ই হোক, অনুশীলন থেকে ভারতীয় উল্লাস শুনতে কান পেতে ছিল বাংলাদেশও।