বাংলাদেশ দলের এক মন্ত্র

ডিনার সেরে হোটেলে ফিরছেন। এক ভক্তের অনুরোধে ছবি তোলার জন্য লিফটের সামনে দাঁড়াতে হলো মাশরাফি বিন মুর্তজাকে। ছবি তোলার পর আপ্লুত ভক্ত বললেন, ‘দোয়া করছি যাতে আপনারা আপসেট ঘটাতে পারেন।’
মাশরাফি ভুরু কুঁচকে বললেন, ‘আপসেট মানে?’
‘মানে ইন্ডিয়াকে হারিয়ে দিন।’
‘ইন্ডিয়াকে হারালে আপসেট হবে কেন? আমরা হেরে গেলে সেটাই হবে আপসেট’—মাশরাফি গটগট করে লিফটে উঠে গেলেন।
ভারতের পরাজয় চাইছেন যখন, নিশ্চয়ই পাকিস্তানি। মাশরাফি শুধরে দিলেন, ‘আরে না, অবশ্যই ইন্ডিয়ান। আমি বুঝতে পারি।’ অসম্ভব নয়, অনভ্যস্ত কানে হিন্দি আর উর্দু একই রকম শোনায়। কিন্তু ইন্ডিয়ান হলে ভারতের পরাজয় চাইবেন কেন? মাশরাফি দুষ্টুমির হাসি দিয়ে বললেন, ‘ছবি তুলেছে তো, একটু প্রেম দেখাল আরকি!’
কিন্তু মাশরাফি যা বললেন, আসলেই কি তা বিশ্বাস করেন! আগামীকাল এমসিজিতে বাংলাদেশ যদি জিতে যায়, সেটিকে তো আপসেট বলেই মানতে হবে, তাই না? এবার মাশরাফি গম্ভীর, ‘কাগজে-কলমের শক্তি চিন্তা করলে বলতে পারেন। তবে এই বিশ্বকাপ এখন এক দিনের খেলা। যার দিন, তার দিন। আপসেট-টাপসেট বলে এখন আর কিছু নেই।’
অধিনায়কের মুখে যেন কথা বলল বাংলাদেশ দল। এই দলের যাঁর সঙ্গেই কথা হয়, একই কথার প্রতিধ্বনি। ভারত হয়তো আমাদের চেয়ে এগিয়ে, কিন্তু এই একটা দিনই তো! ওই দিন আমরা ভালো খেললে ও সব হিসাব-নিকাশ টিম হোটেলের পাশের ইয়ারা নদীতে ভেসে যাবে। শুনতে শুনতে সন্দেহ হলো, টিম মিটিং থেকে সবাই একই কথা বলার সিদ্ধান্ত নিয়ে বেরোল নাকি!
একটা সিদ্ধান্ত যে হয়েছে, তা অবশ্য সন্দেহাতীত। বাংলাদেশের কেউ কোনো ভারতীয় ক্রিকেটারের প্রতি গদগদ ভাব দেখালে তাঁর আর রক্ষা নেই। এক হোটেলে থেকেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে তাই হাই-হ্যালো হচ্ছে বলেও খবর নেই। পরশু রাতেই যেমন সামনে দিয়ে হেঁটে যাওয়া রোহিত শর্মার দিকে ফিরেও তাকালেন না মাশরাফি।
এই বিশ্বকাপে বাংলাদেশ দল প্রসঙ্গে ‘ফিয়ারলেস ক্রিকেট’ কথাটা খুব শোনা যাচ্ছে। দুই দলের দ্বৈরথে ভারত অবশ্যই অনেক এগিয়ে। তবে বাংলাদেশের সর্বশেষ দুটি জয়ই ভারতীয় ক্রিকেটে এমন বেদনার ইতিহাস হয়ে রয়েছে যে, ভারতের পক্ষে সার্বিক ২৪-৩ রেকর্ড কোনো মূল্যই পাচ্ছে না। ২০০৭ বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপে বাংলাদেশের কাছে পরাজয় যে টুর্নামেন্ট থেকেই ভারতের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। কাল সংবাদ সম্মেলনে ওই দুই জয়ের রহস্য হিসাবে ভারতীয় সাংবাদিকদের ওই ‘ফিয়ারলেস ক্রিকেট’ কথাটাই শুনিয়ে দিলেন সাকিব আল হাসান।
২০০৭ বিশ্বকাপের চারজনই শুধু বাংলাদেশের এই দলে আছেন। কী আশ্চর্য, পোর্ট অব স্পেনে ভারত-বধে ওই চারজনই ছিলেন মুখ্য ভূমিকায়। বোলিংয়ে মাশরাফি, ব্যাটিংয়ে তামিম-সাকিব-মুশফিক। তবে এই বিশ্বকাপে ‘ভয়ডরহীন ক্রিকেট’-এর প্রতীক তাঁদের কেউ নন। সেই পতাকা সৌম্য সরকার ও সাব্বির রহমানের হাতে। নিজে পেস বোলার ছিলেন বলেই কিনা আকিব জাভেদ অবশ্য তা দেখতে পাচ্ছেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদের হাতে। ১৯৯২ বিশ্বকাপজয়ী ইমরানের দলের সদস্য ও এই বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের কোচ কাল সকালে কণ্ঠে একই সঙ্গে বিস্ময় ও মুগ্ধতা মিশিয়ে বলছিলেন, ‘বাংলাদেশকে দেখে তো আমি চমকে গেছি। এই প্রথম দেখলাম বাংলাদেশের দুই জন পেসার ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করছে। এবার না বাংলাদেশকে একটা দারুণ দল মনে হচ্ছে। এমন কোয়ালিটি পেস না থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে হয় নাকি!’
ওই যুগলের একজন রুবেল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে খুব দামি একটা কথা বললেন, ‘কন্ডিশন নিয়ে এত কথা হয়েছে। কোয়ার্টার ফাইনালে আর সেটির কোনো মূল্য নেই। এখানে কন্ডিশনে যদি আমাদের অসুবিধা হয়, ভারতেরও হবে।’ বাকি সবার মতো বিরাট কোহলির উইকেটটাকে তিনিও সবচেয়ে মহার্ঘ্য মনে করেন। কোহলির ম্যাচ শেষ করে আসার অবিশ্বাস্য ক্ষমতাকে মাশরাফির মতো তাঁরও ভয়। এই কোহলির সঙ্গে আগের কোহলিকে মেলাতেও পারেন না। বছর সাতেক আগে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে প্রথম দেখায় যে কোহলিকে তেমন বিশেষ কিছু মনেই হয়নি! ‘আমরা যখন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে খেলি, কোহলির চেয়ে বরং সবাই মনীশ পান্ডেকে নিয়ে পাগল ছিল। দারুণ স্টাইলিশ ব্যাটসম্যান। কেন যে ওর হলো না!’ মনীশ পান্ডের জন্য রুবেলকে একটু দুঃখিতও দেখায়।
এই ম্যাচ নিয়ে বাংলাদেশ-ভারত যেমন আলোড়িত, অস্ট্রেলিয়ায় তার আঁচ পাওয়া যাবে না স্বাভাবিক। বিশ্বকাপের দুই আয়োজক দেশের মধ্যে এমনিতেই একটা জায়গায় অস্ট্রেলিয়া পিছিয়ে। নিউজিল্যান্ডে বিশ্বকাপকে ঘিরে যেমন উৎসবের আবহ, অস্ট্রেলিয়ায় ম্যাচের দিন ছাড়া বোঝারই উপায় নেই যে এখানে বিশ্বকাপ হচ্ছে। দর্শকেরাও মুখ ফিরিয়ে। ভাবা যায়, আজ সিডনিতে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা যে কোয়ার্টার ফাইনাল এই বিশ্বকাপের দুই ব্যাটিং তারকা সাঙ্গাকারা ও ডি ভিলিয়ার্সের একজনকে বিদায়ের সুর শুনিয়ে দেবে, সেটির জন্য দর্শক টানতে আইসিসিকে সংবাদ বিজ্ঞপ্তি দিতে হয়েছে! কাল রাতে আইসিসির বিস্ময়কর ওই ই-মেইল পাওয়া গেল, যাতে দুই দলের প্রতিনিধি সাঙ্গাকারা ও ডুমিনি দর্শকদের মাঠে আসার আহ্বান জানিয়ে বলছেন, ‘প্লিজ, আপনারা খেলা দেখতে আসুন, কথা দিচ্ছি দারুণ ম্যাচ হবে।’
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এই সমস্যা নেই। বৃহস্পতিবার এমসিজির গ্যালারিতে নব্বই হাজার ছুঁই ছুঁই দর্শক একরকম নিশ্চিতই। আবহাওয়ার পূর্বাভাস অবশ্য তাদের নিরবচ্ছিন্ন ম্যাচ দেখার নিশ্চয়তা দিচ্ছে না। কাল সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হলো। আজ আর আগামীকালও এমনই হওয়ার কথা। টসে জিতলে কী করা উচিত—এ নিয়ে মাশরাফির দ্বিধাটা এতে আরও বাড়ার কথা। এমনিতে বাংলাদেশ দলে মোটামুটি সর্বজনীন মত হলো, কোহলি-ধোনির ভারতের কাছে রান তাড়া করাটা এমন ছেলেখেলা যে, পরে ব্যাটিং করাই ভালো। কিন্তু ভারতকে ব্যাটিংয়ে পাঠালে তা যদি আবার মিরপুরে গত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মতো হয়ে যায়!
যত দূর জানা গেল, একাদশ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বরং সে তুলনায় কম। মাশরাফি ফিরছেন তাইজুলের জায়গায়—কাল রাত পর্যন্ত এই একটা পরিবর্তনের কথাই ভাবা হচ্ছিল। মাঝখানে অবশ্য তখনো আরও দেড় দিন। এই রোদ তো এই বৃষ্টির মেলবোর্নের সঙ্গে তাল মিলিয়ে চিন্তাভাবনাও তো বদলাতে পারেই!