বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিলেন হেরাথ-প্রিন্স

শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি রঙ্গনা হেরাথ।ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ আর দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে নিজেদের কোচিং প্যানেলে পাচ্ছে বাংলাদেশ দল।

হেরাথ যোগ দিচ্ছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে, প্রিন্স আসছেন ব্যাটিং পরামর্শক হিসেবে। আজ এক বিবৃতিতে দুজনের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হেরাথ ও প্রিন্স দুজনই দলের সঙ্গে যোগ দেবেন জিম্বাবুয়ে সফর থেকে। তবে দুজনের চুক্তির মেয়াদ ভিন্ন। হেরাথের সঙ্গে চুক্তিটা আপাতত হচ্ছে এই বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। প্রিন্সের সঙ্গে বিসিবির চুক্তি হবে শুধু এই জিম্বাবুয়ে সফর পর্যন্ত।

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শুরু হচ্ছে আগামী ৭ জুলাই। একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হবে এই সফরে। ২৭ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ হবে।

জিম্বাবুয়ে সফরের পর থেকে আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে বাংলাদেশ ৩টি সিরিজ খেলবে। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেপ্টেম্বরে সিরিজে প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা সেপ্টেম্বরে শুরু হয়ে শেষ হবে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স।
ফাইল ছবি

টেস্ট ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট (৪৩৩) পাওয়া বোলার হেরাথ দুই দশক ধরে শ্রীলঙ্কার জার্সিতে আলো ছড়িয়েছেন। কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন অবসর নেওয়ার পর তো লঙ্কানদের বোলিংয়ের অন্যতম বড় ভরসা ছিলেন তিনি। খেলা ছাড়ার পর ৪৩ বছর বয়সী হেরাথ যোগ দিয়েছেন কোচিংয়ে।

বিসিবি বিবৃতিতে জানিয়েছে, হেরাথ আইসিসি ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কোচিংয়ের শ্রেণি অনুযায়ী একজন ‘লেভেল-৩’ এর কোচ। যাঁর কোচিংয়ের মূল বিশেষত্ব হচ্ছে স্পিন বোলিং বিভাগ।

খেলোয়াড়ি জীবনে বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স দক্ষিণ আফ্রিকার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১১৯টি ম্যাচ খেলেছেন। তিনিও ‘লেভেল ৩’ কোচ বলে বিবৃতিতে লিখেছে বিসিবি।

এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ব্যাটিং পরামর্শক ছিলেন প্রিন্স। প্রোটিয়াদের ‘এ’ দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও কাজ করেছেন ৪৪ বছর বয়সী প্রিন্স।