বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না স্ট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিথ স্ট্রিক
হিথ স্ট্রিক

অবশেষে শেষ হলো হিথ স্ট্রিক পর্ব। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে আর দায়িত্ব পালন করবেন না তিনি। আজ দুপুরে এক ই–মেইল বার্তায় নিজেই বিসিবিকে সিদ্ধান্তটি জানিয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক।
২০১৪ সালে বিসিবির সঙ্গে দুই বছরে চার শ দিনের চুক্তিতে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন স্ট্রিক। আগামী ৩০ মে শেষ হবে সে চুক্তি। কিন্তু আইপিএলে গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবে কাজ করতে গিয়ে তার আগেই ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হওয়ার আগ্রহ দেখান স্ট্রিক। জমা দেন আবেদনপত্রও।
সংবাদমাধ্যমে খবরটি জানার পর বিসিবি একটু অবাক হলেও স্ট্রিককে রাখার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখায়নি। বরং সম্ভাব্য নতুন পেস বোলিং কোচদের একটি তালিকা করে ফেলে তারা, যেখানে আছে চামিন্ডা ভাস, আকিব জাভেদ এবং এর আগেও বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করা চম্পকা রমানায়েকের নাম।
হিথ স্ট্রিকের সিদ্ধান্ত জানার পর এখন কোচ খোঁজার কাজটি জোরেশোরে শুরু করবেন বলে মুঠোফোনে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান, ‘আমরা এখন পুরোপুরি নিশ্চিত যে স্ট্রিকের চুক্তি নবায়ন হচ্ছে না। তাই যত দ্রুত সম্ভব নতুন কাউকে এই পদে নিয়োগ দেওয়া হবে।’