বাংলাদেশ নিয়ে সতর্ক ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ব্যর্থতা, বিশ্বকাপের পর সিনিয়র খেলোয়াড়দের ছেঁটে ফেলা—এসব কারণে একের পর এক ছুটে আসছে সমালোচনার তির। সময়টা তাই একটু কঠিনই যাচ্ছে পাকিস্তান কোচ ওয়াকার ইউনিসের জন্য। তার ওপর বাংলাদেশ সফরের জন্য তাঁর দলটাও একেবারেই তারুণ্যনির্ভর। কিছুটা কি চাপে আছেন ওয়াকার? এই চাপের কথাটা সরাসরি স্বীকার না করলেও বাংলাদেশ সফর কঠিন হবে বলে খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন পাকিস্তান কোচ।
নিজেদের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ বলে মনে করেন ওয়াকার। দুটি টেস্ট, ৩টি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টির সিরিজে প্রতিপক্ষকে তাই হালকাভাবে নিতে রাজি নন পাকিস্তান কোচ, ‘অবশ্যই এটা আমাদের জন্য কঠিন একটা সিরিজ হবে। বাংলাদেশ অনেক উন্নতি করেছে এবং এখন তারা দারুণ এক দল। আমরা তাদের একটুও হালকাভাবে নেব না।’ বিশ্বকাপের পর বেশ রদবদল হওয়ায় তাঁর দলটাও এখন মোটামুটি তরুণদের নিয়ে গড়া। তবে ওয়াকার আস্থা রাখছেন সেই তরুণদের ওপরই, ‘আমি বিশ্বাস করি, নিজেদের কাজটা করার মতো যথেষ্ট সামর্থ্য তাদের রয়েছে।’
বোলিং অ্যাকশনের ত্রুটি সারিয়ে বাংলাদেশ সফর দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল। প্রায় আট মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এ স্পিনার নিজের সেরাটা নিয়েই ফিরবেন বলে আশাবাদী ওয়াকার, ‘সে গত কয়েক মাসে কঠোর পরিশ্রম করেছে ফেরার জন্য। অতীতেও সে পাকিস্তানকে অনেক ম্যাচ জিতিয়েছে, আশা করি ভবিষ্যতেও জেতাবে।’ এক্সপ্রেস ট্রিবিউন।