বাংলাদেশ নয়, তাঁর চোখ বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স প্রায় ৩২ হয়ে গেছে। কিন্তু চোখ আরও একটা বিশ্বকাপে। ক্যারিয়ারটাকে ২০১৯ সাল পর্যন্ত টিকিয়ে রাখতে ডেল স্টেইন এখন থেকেই বেছে বেছে খেলতে চান। আর তাই জুলাইয়ের বাংলাদেশ সফরের পুরোটাতে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে না-ও দেখা যেতে পারে এই ফাস্ট বোলারকে। দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে আর দুটি টেস্টের সিরিজে স্টেইন ছাড়াও আরও কয়েকজন তারকা খেলোয়াড় হয়তো থাকছেন না দক্ষিণ আফ্রিকা দলে।
উইজডেন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেইন বলেছেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে আর যত বল করার বাকি আছে, সেগুলো বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অপচয় না করে বড় কোনো টুর্নামেন্টেই করতে চাইব আমি।’ বাংলাদেশে এসে দক্ষিণ আফ্রিকার তরুণ বোলারদের সাহায্য করতে রাজি তিনি, তবে শরীরে সঞ্চিত আরও ১০-২০ হাজার বল রেখে দিতে চান বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের জন্য। ‘শুনে আমাকে ঔদ্ধত্য মনে হতে পারে, মনে হতে পারে আত্মকেন্দ্রিক। তবে আমি আমার দেশের হয়ে একটা বিশ্বকাপ জিততে চাই, আর সেটা আসে চার বছর পর পর। কাজেই বাংলাদেশ ও জিম্বাবুয়ের মতো দেশের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, বিশ্বকাপের তুলনায় বাংলাদেশে গিয়ে তিনটা ওয়ানডে খেলা আমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তেমন কিছু করবে না’—বলেছেন স্টেইন।
স্টেইন ছাড়াও এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি ও মরনে মরকেলকেও হয়তো বাংলাদেশ সফরের পুরোটায় দেখা যাবে না। তাঁদের বেলায় কারণটা ভিন্ন। তিনজনই যে ওই সফরের সময়ই প্রথম বাবা হওয়ার জন্য অপেক্ষমাণ! বাংলাদেশ সফরের দক্ষিণ আফ্রিকা দলে এবার তাই থাকতে পারে বেশ কয়েকটি নতুন মুখ। ক্রিকইনফো।