বাংলাদেশ-পাকিস্তান লড়াই হবে বিশ্বকাপে

যুব বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছেন আকবর আলী, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। গ্রুপ 'সি' তে বাংলাদেশ ছাড়াও আছে স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। তবে উত্তেজনা ছড়িয়েছে গ্রুপের বাকি দলটার নাম। যুব বিশ্বকাপে ভালো করতে হলে গ্রুপপর্বে যে পাকিস্তানের বাধাও পেরোতে হবে বাংলাদেশকে!
আগামী জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া যুব বিশ্বকাপের ত্রয়োদশ আসরে অংশ নিতে যাওয়া ১৬ দল কে কোন গ্রুপে খেলবে, সেটা জানিয়ে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ১৬ দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গত আসরের শীর্ষ ১১ দলের সঙ্গে বাছাইপর্বের পাঁচ আঞ্চলিক চ্যাম্পিয়ন দলকেও দেখা যাবে এই টুর্নামেন্টে। আফ্রিকা থেকে আসছে নাইজেরিয়া, ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে অংশ নিচ্ছে জাপান, এশিয়া থেকে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা থেকে সুযোগ পাচ্ছে কানাডা ও ইউরোপ থেকে আসছে স্কটল্যান্ড।
বাছাইপর্ব পেরিয়ে আসা দলগুলোর মধ্যে নিজেদের গ্রুপে স্কটল্যান্ডকে পেয়েছে বাংলাদেশ। পরিচিত প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ, ১৮ জানুয়ারিতে।
আগামী ১৮ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। পচেফস্ট্রুমের জেবি মার্কস ওভাল মাঠে হবে ম্যাচটা। ২১ তারিখে পচেফস্ট্রুমেরই আরেক মাঠ উইট্রান্ড ওভালে বাংলাদেশ লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে। আর পাকিস্তানের বিপক্ষে গ্রুপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটা হবে ২৪ তারিখে, জেবি মার্কস ওভাল মাঠে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিম্বার্লির ডায়মন্ড ওভালে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
>আগামী জানুয়ারিতে হতে যাওয়া যুব বিশ্বকাপের ত্রয়োদশ আসরে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপের বাকি দুই দল স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।
এই প্রথম আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে অংশ নিচ্ছে জাপান। তবে প্রথমে খেলতে এসেই কঠিন একটা গ্রুপে পড়েছে তারা। টুর্নামেন্টের সফলতম দল ভারত আছে তাদের গ্রুপেই। এ ছাড়াও শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো সমীহ জাগানো দলও খেলবে এই গ্রুপে। জাপানের মতো আইসিসি আয়োজিত কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলতে আসছে নাইজেরিয়াও। ফুটবলে নোয়ানকো কানু, জন মিকেল ওবি ও জে-জে ওকোচার মতো খেলোয়াড়েরা যে দলকে বিশ্বে পরিচিত করেছেন, সে দল এবার ক্রিকেটেই নিজেদের ছাপ রাখতে যাচ্ছে। তবে জাপানের মতো অবস্থা হয়েছে তাঁদেরও। বেশ কঠিন গ্রুপে পড়েছে তারাও। তাদের গ্রুপসঙ্গী সাবেক তিন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
টুর্নামেন্টটা পরিচালিত হবে যথারীতি আগের নিয়মে। চার গ্রুপের শীর্ষ দুই দল নিয়ে হবে সুপার লিগ, বাকি দলগুলো খেলবে প্লেট চ্যাম্পিয়নশিপে। ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৯ ফেব্রুয়ারি।
গ্রুপ ‘এ’: ভারত, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, জাপান
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নাইজেরিয়া
গ্রুপ ‘সি’: পাকিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড
গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, কানাডা