পরশু পাকিস্তানের বিপক্ষে একটিও অতিরিক্ত রান দেয়নি বাংলাদেশ। বাংলাদেশ তো বটেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই এই প্রথম একটিও অতিরিক্ত রান দেয়নি কোনো দল। এর আগে অতিরিক্ত খাতে সর্বনিম্ন ১ রান দেওয়ার উদাহরণ ছিল ২৮টি। বাংলাদেশ দুবার ম্যাচে সর্বনিম্ন ২ রান দিয়েছিল, দুটিই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক দিনের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। টি-টোয়েন্টিতে বাংলাদেশ এক ম্যাচে সর্বোচ্চ ২৬টি অতিরিক্ত রান দিয়েছে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। পাল্লেকেলের ম্যাচটিতে বাংলাদেশের বোলাররা ওয়াইডই দিয়েছিলেন ১৯টি। এক ম্যাচে অতিরিক্ত রান বিলানোয় বাংলাদেশের ওপরে আছে শুধু দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮টি অতিরিক্ত রান দেয় ক্যারিবীয়রা। চার মাস পর একই মাঠে দক্ষিণ আফ্রিকা ২৯ রান দেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।