বাংলাদেশ বড় দল হবে যদি...
♦ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত
♦ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্যায়ের শেষ ম্যাচ
♦ ফাইনাল নিশ্চিত হলেও ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের কাছে
♦ জিম্বাবুয়ের বিপক্ষে মিডল অর্ডার ভেঙে পড়ায় চিন্তিত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট
♦ দলের টেকনিক্যাল ডিরেক্টর বলছেন, যেকোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য থাকতে হবে

জিম্বাবুয়ে ম্যাচের পরে একদিনের বিরতি। কাল আবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গতকাল ম্যাচ খেলে আজ বাংলাদেশ দল আর অনুশীলন করেনি। টিম হোটেলেই কাটছে খেলোয়াড়দের সময়। এতে অবশ্য বাংলাদেশ দলকে নির্ভার ভাবার কারণ নেই। ভেতরে-ভেতরে আরেকবার লঙ্কা-বধের ছক কিন্তু কাটা হচ্ছেই।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া। যদিও দুই ম্যাচ বাকি থাকতে ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া বাংলাদেশের কাছে কাগজে-কলমে আগামীকালের ম্যাচটার গুরুত্ব সামান্যই। কিন্তু হোটেল সোনারগাঁয়ে আজ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়ে দিলেন, এই টুর্নামেন্টে কোনো ম্যাচই হারতে চান না তাঁরা। তাই এই ম্যাচের গুরুত্ব গোটা দলের কাছেই যথেষ্ট, ‘কালকের ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। আলাদা একটা ম্যাচ। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্যই গুরুত্বপূর্ণ।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ভুল শোধরানোর উপলক্ষও বলা চলে। জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল সবচেয়ে বেশি ভুল করেছেন ব্যাটসম্যানরা। বিশেষ করে মিডল অর্ডার। ২ উইকেটে ১৪৭ রান থেকে ৮ উইকেটে ১৭০—২৩ রানে পড়েছে ৬ উইকেট। ২১৬ রান করেও বাংলাদেশ বড় ব্যবধানেই জিতেছে। এ সাফল্যে মাহমুদ সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন বোলারদের, ‘যেভাবে বোলাররা ভালো করছে, যেভাবে নিয়ন্ত্রিত বোলিং হচ্ছে, অনেক দিন নতুন বলে উইকেট পাচ্ছিলাম না আমরা। এই সিরিজে নতুন বলে আমাদের শুরুটা ভালো হচ্ছে।’
দেশের মাঠে দুর্দান্ত খেললেও বড় দল হতে বাংলাদেশকে যেতে হবে বহু দূর। মাহমুদ মানছেন, বড় দল হতে যেসব বৈশিষ্ট্য থাকা জরুরি, সেগুলোর অনেক কিছু এখনো অনুপস্থিত এ দলটায়, ‘এখনো সন্তুষ্ট নই। বড় দল হতে গেলে আরও অনেক কিছু লাগবে। আমরা এটা নিয়ে আলোচনাও করি। সামনে আরও ভালো করতে চাই। কাল যেমন সুযোগ ছিল মিডল অর্ডার ব্যাটসম্যানদের প্রমাণ করার। সেটা হয়নি। বড় দলগুলো এটাই করে। টপ অর্ডার ব্যর্থ হলে পরের ব্যাটসম্যানদের দায়িত্ব থাকে। বড় দল হতে গেলে এগুলো ঠিক করতে হবে। যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারলেই আমরা বড় দল হবে।’