বাংলাদেশ ভয়ংকর দল, বললেন গাভাস্কার

আগেও বাংলাদেশ দলকে স্তুতিবানে ভাসিয়েছেন সুনীল গাভাস্কার। সাম্প্রতিক সময়ে মাশরাফি-সাকিবদের পারফরম্যান্সে ভারতীয় কিংবদন্তির মুগ্ধতা বেড়েই চলেছে। নকআউট পর্বে তাঁর দলেরই মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এ ক্ষেত্রে গাভাস্কারের ভাবনা কী? ভারতীয় কিংবদন্তি বাংলাদেশকে কিন্তু ‘ভয়ংকর দল’ হিসেবেই সনদ দিচ্ছেন।
গতকাল নিউজিল্যান্ডের ম্যাচের পর গাভাস্কার বললেন, ‘এর আগে বাংলাদেশকে অনেকবারই হারিয়েছে ভারত। সে হিসেবে এবারও হারাতে পারবে, এমন ভেবে ভারত দল হয়তো আত্মবিশ্বাসী হবে। কিন্তু বর্তমান ফর্মের বিচারে বাংলাদেশ খুবই ভয়ংকর দল। তারা কেবল ইংল্যান্ডকেই হারায়নি, নিউজিল্যান্ডকেও টেক্কা দিয়েছে।’
এ কারণে গাভাস্কার ভারতকে সতর্ক করলেন বাংলাদেশকে হালকাভাবে না নিতে, ‘গ্রুপ পর্বে আপনি যদি এক ম্যাচ হারেন তবে পরের ম্যাচে ফিরে আসার সুযোগ থাকে। কিন্তু নকআউট পর্বে, একটি খারাপ দিনেই আপনাকে বাড়ি ফিরে আসতে হবে। কিছুটা ভাগ্য, সঙ্গে বর্তমান ফর্ম, দুই মিলিয়ে বাংলাদেশ এখন যেকোনো দলকেই হারাতে সক্ষম। ভারতকে ভালো করতে হলে বাংলাদেশকে কিছুতেই হালাকাভাবে নেওয়া যাবে না।’
বাংলাদেশের প্রধান শক্তি স্পিন-প্রতিষ্ঠিত এ বিষয়টির উল্টোটা দেখা যাচ্ছে এ বিশ্বকাপে। দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে পেসারদের দাপট, এ দুইয়ে প্রতিপক্ষকে ঘায়েল করছে বাংলাদেশ। এ কারণে গাভাস্কার বললেন, ‘তাদের ব্যাটিং খুবই ভালো। মাহমুদউল্লাহ দারুণ ফর্মে রয়েছে। এ ছাড়া সাকিব, মুশফিকুর রহিম ও সাব্বির রহমানও রয়েছে। আজ (গতকাল) নিউজিল্যান্ডের বিপক্ষে চোটের কারণে তাদের নিয়মিত পাঁচ বোলার ছিল না। এরপরও তারা নিউজিল্যান্ডকে চেপে ধরেছিল। পাঁচ বোলার নিয়ে সামনে তারা আরও ভালো করবে।’ তথ্যসূত্র: পিটিআই।