বাংলাদেশ-ভারত টেস্ট হাইলাইটস: চোখ রাখুন এখানে
ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হয়েছে কাল। ব্যস্ততার কারণে ম্যাচের প্রতিটা মুহূর্তে চোখ রাখতে না পারলেও ক্ষতি নেই। ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্ত সব এক নজরে মিলবে এখানে। নিয়মিত আপডেটও করা হবে।
* দিনটা দারুণভাবেই পার করে দিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ জুটি। ৮৭ রানে অবিচ্ছিন্ন থেকে দিন শেষে বাংলাদেশের সংগ্রহকে নিয়ে গেলেন ৬ উইকেটে ৩২২-এ। ফলোঅন এড়াতে এখনো দরকার ১৬৬ রান। দল পিছিয়ে ৩৬৫ রানে। সর্বকনিষ্ঠ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ভারতের বিপক্ষে ফিফটি পেলেন মিরাজ। ১০৩ বলে ৫১ রান করে অপরাজিত তিনি। মুশফিকুর রহিম অপরাজিত ৮১ রানে। দারুণ এই ইনিংসে টেস্টে তিন হাজার রানের মাইল ফলকও পেরিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
* বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩০৮। এখনো ৩৮৩ রানে পিছিয়ে বাংলাদেশ।
* মুশফিক-মিরাজের জুটি যোগ করেছেন ৬৯ রান। মুশফিক অপরাজিত ৭২ রানে, মিরাজ ৪৬ রানে।
* বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৫৭। এখনো ৪৩০ রানে পিছিয়ে তারা।
* ফিফটি পূর্ণ করলেন মুশফিকুর রহিম। টেস্টে এটি তাঁর ১৬তম ফিফটি। ১৩৪ রানে ৫০ করে অপরাজিত তিনি। মেহেদী হাসান মিরাজের সঙ্গে একটি জুটি গড়ার চেষ্টা করছেন এই মুহূর্তে। এই জুটি এখনো পর্যন্ত যোগ করেছে ২২ রান। মিরাজের ব্যাট থেকে এসেছে ১৭ রান।
* চা বিরতি হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৪৬। দ্বিতীয় সেশনে ৩১ ওভারে বাংলাদেশ করেছে ১২১। ২ উইকেট না পড়লে এই সেশনটাকে নিজেদের দাবি করতেই পারত বাংলাদেশ।
* সাব্বির ফেরার পর উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ১১৯ বলে ৪৭ রান করে অপরাজিত আছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
* ১৬ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু হয়ে ফিরলেন সাব্বির রহমান। সুইপ করতে চেয়েছিলেন। ব্যাটে বল লাগাতে পারেননি। বলটি সোজা গিয়ে আঘাত করে বাম পায়ের ঊরুতে। আম্পায়ারের আঙুল না তুলে কোনো উপায় ছিল না। চা বিরতির ঠিক আগে দিয়ে গুরুত্বপূর্ণ এক উইকেট হারালো বাংলাদেশ।
* সাকিবের পর উইকেটে এসেছেন সাব্বির রহমান। মুশফিকুর রহিম অপরাজিত ৪৪ রানে। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১৯।
* কী করলেন সাকিব আল হাসান! ৮২ রানে অশ্বিনের বলে উমেশ যাদবকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ম্যাচের এমন পরিস্থিতিতে সাকিবের এই শটটি ছিল অপ্রত্যাশিত। নিজের উইকেটটি রীতিমতো বিলিয়ে দিয়ে এলেন তিনি। উইকেট ছেড়ে বেরিয়ে এসে তুলে মারতে গিয়ে মিড অনে ধরা পড়লেন তিনি।
* সাকিবের ৮০ রান এসেছে ৯৪ বলে, ১৪ চারে।
* দুই শ (২১০/৪) পেরিয়েছে বাংলাদেশের সংগ্রহ। ১০০ রানের জুটি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের। সাকিব অপরাজিত ৮০ রানে, মুশফিক ৪০ রানে।
* মধ্যাহ্ন বিরতির পর লড়াইটা ভালো চালাচ্ছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ৫৫ রানের জুটি গড়েছেন তাঁরা। এই প্রথমবারের মতো টেস্টে ভারতের বিপক্ষে ফিফটি পেয়েছেন সাকিব। তিনি অপরাজিত ৫৫ রানে। মুশফিকুরের সংগ্রহ ২১। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬৭।
*রান আউটের হাত থেকে বেঁচে গেলেন মুশফিকুর রহিম। দ্রুততার সঙ্গে একটি রান নিতে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন দুই ব্যাটসম্যান। সরাসরি থ্রোর মধ্যে মুশফিক ডাইভ দিয়েছিলেন। ব্যাটের একটি ছোট অংশ ক্রিজ স্পর্শ করায় সে যাত্রা বেঁচে যান মুশফিক।
* মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৫। এখনো ৫৬২ রানে পিছিয়ে তারা। সাকিব অপরাজিত আছেন ২৯ রানে, মুশফিকুর রহিম ৬ রানে।
* মাহমুদউল্লাহর বিদায়ের পর উইকেটে এসেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। অপরপ্রান্তে সাকিব খেলছেন ২৭ রান নিয়ে। ভারতীয় পেসারদের রিভার্স সুইংয়ের সামনে খুব বড় পরীক্ষার সামনে বাংলাদেশের অভিজ্ঞতম দুই ব্যাটসম্যান।
* লড়াইটা বেশিক্ষণ চালিয়ে যেতে পারলেন না মাহমুদউল্লাহ। ব্যক্তিগত ২৮ রানে ইশান্ত শর্মার বলে এলবিডব্লু হয়ে গেলেন তিনি। সাকিব আল হাসানের সঙ্গে তাঁর জুটিটা ছিল ৪৫ রানের। কিন্তু সেটি আরও বড় করতে পারলেন না তিনি। রিভিউ নিয়েছিলেন মাহমুদউল্লাহ, কিন্তু তাতে কাজ হয়নি।
* দারুণ বল করছেন ভারতীয় পেসার উমেশ যাদব। অপরপ্রান্তে আছেন রবীন্দ্র জাদেজা। লড়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। মাহমুদউল্লাহর সংগ্রহ ১৮, সাকিব অপরাজিত আছেন ১৯ রানে। বাংলাদেশ-৩ উইকেটে ৯৪।
* ব্যক্তিগত ১২ রানে উমেশ যাদবের বলে এলবিডব্লু হয়ে ফিরলেন মুমিনুল হকও। ৬৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ।
* তামিম ফেরার পর মুমিনুলের সঙ্গী মাহমুদউল্লাহ।
*রান আউট হয়ে গেলেন তামিম ইকবাল। ভুবনেশ্বর কুমারের করা দিনের তৃতীয় ওভারের চতুর্থ বলে দ্বিতীয় রান নিতে গিয়েই রান আউট তিনি। কোনো দরকার ছিল না। স্কয়ার লেগে বলটি ঘুরিয়েছিলেন মুমিনুল হক। তামিম কেন উমেশ যাদবের হাতে বল রেখে দ্বিতীয় রানের জন্য দৌড়ালেন বোঝা গেল না।
* শুরু হলো তৃতীয় দিনের খেলা। প্রথম ওভার মেডেন নিলেন ভুবনেশ্বর কুমার।
* দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে ৬৪৬ রানে। ভারতের ৬ উইকেটে ৬৮৭ রানের জবাবে দিন শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৪১। তামিম ইকবাল অপরাজিত ২৪ রানে, মুমিনুল ১ রানে।