বাংলাদেশ ভারত দিবারাত্রির টেস্টের সিদ্ধান্ত এখনই নয়

চার বছর আগেই দিবারাত্রির টেস্ট দেখে ফেলেছে ক্রিকেট। একে একে অনেক দলই এর স্বাদ পেয়েছে। কিন্তু দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারত এর স্বাদ পায়নি এখনো। ভারতের মাটিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজে সে সুযোগ সৃষ্টি হবে বলে ভাবা হয়েছিল। গুঞ্জন উঠেছিল প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোয় টেস্ট ম্যাচে মুখোমুখি হতে পারে বাংলাদেশ ও ভারত। কিন্তু আজ বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গতকাল ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছিল আজ ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সৌরভ। দুই পক্ষ একমত হলে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে এক ম্যাচ কৃত্রিম আলোয় হতে পারে। তবে আজ আলোচনা শেষে নাকি সৌরভ ইতিবাচক কোনো ইঙ্গিত দেননি। রিপাবলিক ওয়ার্ল্ড নামে এক সংবাদমাধ্যম জানিয়েছে, সৌরভ কথায় বলেছেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ অধিনায়ক কোহলি নাকি এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে দিবারাত্রির জন্য গোলাপি বলে খেলা বাধ্যতামূলক। ভারতে এসজি নির্মিত গোলাপি বলের মান নিয়েও সন্তুষ্ট নন সৌরভ।
বিসিসিআই সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ দিন-রাতের টেস্ট খেলার সমর্থক। তবে দলের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ।