বাংলাদেশ-ভারত-পাকিস্তানের গরম-গরম সুবিধা

গ্লোবাল ওয়ার্মিংয়ের তাহলে সুবিধাও আছে! ইংল্যান্ডে এই গ্রীষ্মকালে হবে বিশ্বকাপ। কিন্তু ইংল্যান্ডের ‘সামার’ মানেও তো উপমহাদেশের জন্য ঠান্ডাই। কিন্তু সেই আবহাওয়া বদলে যাচ্ছে। ইংল্যান্ডে এখন খুবই শুকনো আর গরম আবহাওয়ার মৌসুম চলছে। এটা অব্যাহত থাকলে ভারতীয় উপমহাদেশের দলগুলো এবারের বিশ্বকাপে সুবিধা পাবে বলে মনে করেন কেভিন পিটারসেন।
ওদিকে ব্রায়ান লারা নিজের দেশকে নিয়ে একটু হলেও স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন। আর শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে যারপরনাই হতাশ। বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ দুয়ারে, অথচ শ্রীলঙ্কা দলটাকে কত ছন্নছাড়াই না দেখাচ্ছে!
ক্রিকেটের এই সাবেক তিন তারকা এক মঞ্চে উঠেছিলেন ভারতের একটি ক্রিকেট পোর্টাল উদ্বোধনের অনুষ্ঠানে। তিনজনই নিজ নিজ দলের সম্ভাবনা নিয়ে বলেছেন। আর ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে কেপি বলেছেন, কন্ডিশন দুহাত বাড়িয়ে দিতে পারে উপমহাদেশের তিন দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের দিকে।
কেপি বলেছেন, ‘গত গ্রীষ্মের মতোই যদি কন্ডিশন থাকে, তাহলে বলব, এবারের বিশ্বকাপে উপমহাদেশের দলগুলো একটা বড় ভূমিকা নিয়ে হাজির হবে। আর যদি তা না হয়, উইকেট হবে সবুজ, বল বেশ নড়বে চড়বে। তখন সেটা ইংল্যান্ডের পক্ষে সাহায্য করবে।’
নিজের খেলোয়াড়ি জীবনের একটা অভিজ্ঞতার কথাও বলেছেন পিটারসেন, ‘২০০০ সালের দিকে আমরা ভারতের বিপক্ষে একটা টেস্ট খেলেছিলাম। প্রথম দিনে উইকেট একেবারেই সবুজ ছিল। কিন্তু দ্বিতীয় দিনটা একেবারে শুকনো গেল। বৃষ্টিও হয়নি। ফলে আর্দ্রতা যতটুকু ছিল, সেটাও উবে গেল। উইকেটে আর ঘাসই থাকল না।’
শুধু আবহাওয়ার কারণে নয়, আইসিসিও এখন তাদের টুর্নামেন্টগুলোতে ব্যাটিং সহায়ক উইকেট বানায়। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যেটা দেখা গেছে। বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট গত বছরের চ্যাম্পিয়নস ট্রফিতেও দাপট ছিল ব্যাটসম্যানদের। তবে ইংল্যান্ডের কন্ডিশন যদি চিরচেনা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দিকে ধেয়ে যায়, তখন কিন্তু বেশ বিপদে পড়তে হবে উপমহাদেশের দলগুলোকে।
এদিকে জয়াবর্ধনের কথা শুনে অবশ্য মনে হচ্ছে না, ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবার অবকাশ তিনি পাচ্ছেন। নিজের দলটাই তো দুশ্চিন্তা কম উপহার দিচ্ছে না। জয়াবর্ধনে বলছেন, ‘যেটা হয়, আমরা বিশ্বকাপের কয়েক বছর আগে থেকেই পরিকল্পনা করে ফেলি। ১২ মাস আগেই আমরা জেনে যাই আমাদের দলটা কী হচ্ছে, একাদশ কেমন হচ্ছে। এবার তো বিশ্বকাপের দল পেতে আমাদের প্রাদেশিক টুর্নামেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে বোঝা যায় দলটা কত অধারাবাহিক।’
বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলতে নামলে শ্রীলঙ্কা দল হিসেবে বদলে যায়, এটাই জয়াবর্ধনের ভরসা। আর বিশ্বকাপ না জিতেই ক্যারিয়ার শেষ করা আধুনিক ক্রিকেটের অন্যতম কিংবদন্তি লারা বলছেন, ক মাস আগেও এই দলটাকে নিয়ে কিছু বলার ভরসা পেতেন না। এখন অন্তত আশা করতে পারছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে গত সিরিজটা আমাদের কিছুটা আশা দিয়েছে। দেশের মাটিতে এখন আমরা আগের চেয়ে শক্তিশালী হয়েছি। তবে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছি বলেই আমি অনেক কিছু আশা করার বোকামি করব না। চার মাস আগেও এই দলটা ভয়াবহ ছিল, তবে এখন যে তারা অন্তত একটু হলেও এগিয়েছে, তাতেই আমি খুশি।’