বাংলাদেশ-ভারত ম্যাচটা হচ্ছে তো ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাল্গুনের হঠাৎ বৃষ্টিতে বেশ মন খারাপ ক্রিকেটপ্রেমীদের। উষ্ণ ফাগুনে বৃষ্টি আরামদায়ক শীতলতা এনে দিলেও তা যে অনিশ্চয়তায় ফেলেছে এশিয়া কাপে বাংলাদেশ ও ভারত টি-টোয়েন্টি ম্যাচটাকে।


ভোররাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বেলা ১২টার দিকে শিলাবৃষ্টিতে যেন ভরা ফাল্গুনে বর্ষার অনুভূতিই পেয়েছেন নগরবাসী। কর্মব্যস্ত ঢাকার রাজপথে শিলাবৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে আক্ষেপ শোনা গেল সবার মধ্যেই, ‘খেলাটা বোধ হয় আজ হচ্ছে না।’

সবাইকে অবাক করে দিয়ে খানিক পরেই ঝাঁজাল রোদের দেখা মেলায় হয়তো স্বস্তি ফিরেছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কিন্তু আবারও আকাশ কালো করে নামা বৃষ্টি সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচটিকে আবারও ফেলে দিয়েছে অনিশ্চয়তার মধ্যে।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। রাঙামাটিতে ৬১ এবং মাদারীপুরে ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড, কুমিল্লা, ফেনী, শ্রীমঙ্গল, গোপালগঞ্জ, খুলনায়ও বৃষ্টি হয়েছে বেশ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বিকেল ও সন্ধ্যায়ও বৃষ্টির শঙ্কা থেকে যাচ্ছে।