বাংলাদেশ-ভারত ৫ আগুন-উত্তাপ মুহূর্ত
ভারত-পাকিস্তান? ক্রিকেটে এর আলাদা রোমাঞ্চ আছে। দুই দেশের রাজনীতি, ইতিহাস, ক্রিকেটীয় সামর্থ্য সব মিলিয়ে শুধু উপমহাদেশ নয়, ক্রিকেটেই সবচেয়ে প্রার্থিত দ্বৈরথগুলোর একটি এটি। তবে দুই দেশের রাজনৈতিক ইতিহাসই এই দ্বৈরথে গত কয়েক বছরে পানি ঢেলে দিচ্ছে।
সেই জায়গাটা কি এখন দখল করে নিচ্ছে বাংলাদেশ-ভারত দ্বৈরথ? ক্রিকেটীয় সামর্থ্যে বাংলাদেশ এখন আর ভারতের ছোট ভাই নয়, বরং কয়েক বছর ধরেই চোখে চোখ রেখে লড়ে যাওয়ার মতো দল। পাশাপাশি দুই দেশের ক্রিকেটকে ঘিরে মাঠের বাইরের কিছু ঘটনা, সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রিকেট–পাগল দুই দেশের সমর্থকদের মধ্যে খোঁচাখুঁচি মিলিয়ে এটিই এখন হয়ে উঠেছে এশিয়ার সবচেয়ে ঘটনাবহুল লড়াই। রাস্তায় মিছিল, ফেসবুক-টুইটারে ঝগড়াঝাঁটি...কী হয়নি!
যার আরেকটি ‘অ্যাপিসোড’ হতে যাচ্ছে হায়দরাবাদে, আজ থেকে শুরু টেস্টে। টেস্ট অভিষেকের ১৭তম বছরে এসে প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এক টেস্টের এই সিরিজের আগে ভারতের পত্রিকা হিন্দুস্তান টাইমসই তুলে এনেছে ভারত-বাংলাদেশের ক্রিকেটকে ঘিরে আগুন-উত্তাপ ৫টি মুহূর্তের গল্প —

‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’
ভারত-বাংলাদেশের আগুনে উত্তাপ মুহূর্তের কথা বললে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের কথা তো আসতে বাধ্য। নো বল বিতর্ক, মাহমুদউল্লাহর আউট...সব মিলিয়ে দুর্ভাগ্য যেন ঘিরে ধরেছিল বাংলাদেশকে।
ম্যাচটা সমানে সমানই এগোচ্ছিল। ঝামেলা বাধল প্রথম ওই ‘নো বলে’। ৯০ রানে অপরাজিত ছিলেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা, এ সময় রুবেল হোসেনের একটা ফুলটস বলে ক্যাচ তুলে দেন। কিন্তু আম্পায়ার ইয়ান গোল্ড সেটিকে ডাকেন নো বল। যদিও রিপ্লেতে দেখা যায়, বলটি কোনো ভাবেই নো বল হয় না, রোহিতের কোমরের নিচেই ছিল বল। বেঁচে গিয়ে রোহিত আরও ৪৭ রান করেন, ভারতের রানও হয়ে যায় ৩০২!
কিন্তু বিতর্ক সেখানেই শেষ নয়। ১৭তম ওভারের শেষ বলে আবারও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার বাংলাদেশ। ২ উইকেটে ৭২ রান ছিল বাংলাদেশের, মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ২১ রানে। মোহাম্মদ শামির একটা বল উড়িয়ে মেরেছিলেন বাংলাদেশ ব্যাটসম্যান। ক্যাচ ধরেন শিখর ধাওয়ান। ক্যাচ নেওয়ার সময় তাঁর পা লেগে গিয়েছিল বাউন্ডারি দড়িতে, কিন্তু চতুর্থ রেফারি সিদ্ধান্ত দিলেন—আউট!
ওই ম্যাচের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশ সমর্থকেরা খেপে গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল বের করেন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগে। ভারত ম্যাচে অন্য প্রভাব ফেলেছে, এই অভিযোগ এনে সে সময় আইসিসির বাংলাদেশি প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামালও পদত্যাগ করেন।

মোস্তাফিজকে ধোনির ধাক্কা
বিশ্বকাপের সেই উত্তাপ তখনো যায়নি। মাস দু-এক পরই বাংলাদেশ সফরে আসে ভারত। তাতে আবারও তোলপাড়। মিরপুরে প্রথম ওয়ানডেতে ৩০৮ রানের লক্ষ্যে নেমে অভিষিক্ত মোস্তাফিজের পাশাপাশি তাসকিনের তোপে ১২০ রানেই ৪ উইকেট হারায় ভারতও। এমন সময় একটি সিঙ্গেল নিতে চেয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু দৌড়াতে গিয়ে পিচে দাঁড়ানো মোস্তাফিজকে কনুই দিয়ে ধাক্কা দেন ধোনি। পরে মাঠের বাইরেও চলে যান কিছুক্ষণের জন্য। পরে অবশ্য ফিরে এসে শেষ পর্যন্ত ম্যাচে ৫ উইকেটই নেন ‘ফিজ’।

‘মওকা’র জবাব
২০১৫ বিশ্বকাপের সম্প্রচারক স্টার স্পোর্টসের কিছু বিজ্ঞাপনই ঝামেলা করেছিল। ভারতীয় টিভি চ্যানেলটি অবশ্য মজা করতেই বিজ্ঞাপন বানাতে চেয়েছিল, বিশ্বকাপে ভারতের সব প্রতিপক্ষকে নিয়ে ‘মওকা মওকা’ সিরিজের কিছু বিজ্ঞাপন বানিয়েছিল। বাংলাদেশকে নিয়ে করা সেই বিজ্ঞাপনের ব্যাপারে বিশ্বকাপের সময়ই অনেক আলোচনা-সমালোচনা হয়। বাংলাদেশও অবশ্য ‘জবাব’ দিয়েছে ‘মওকা’ মতো। বিশ্বকাপের পর ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজে ভারতকে হারানোর পর ফেসবুকে, এমনকি মিডিয়াতেও কিছু ট্রল হয়। সেই ট্রলগুলোর মান নিয়ে অবশ্য ভারতে তো বটেই, দেশের ভেতরেও অনেক সমালোচনা হয়েছে।

‘ভীরু’র কথা
২০১০ সালের চট্টগ্রাম টেস্টের আগের কথা। ম্যাচের আগের ‘ট্র্যাশটক’ ব্যাপারটিকে হয়তো একটু বেশি গুরুত্বের সঙ্গে নিয়ে ফেলেছিলেন ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। টেস্টের আগে বললেন, বাংলাদেশ ‘অর্ডিনারি’ দল, ‘ওরা ওয়ানডেতে ভালো হতে পারে। তবে টেস্টে নয়। ২০ উইকেটই তো নিতে পারে না।’ কথাটা স্বাভাবিকভাবেই বাংলাদেশের সমর্থকদের পছন্দ হওয়ার কোনো কারণ নেই।

মুশির উদ্যাপন
২০০৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের সেই ঐতিহাসিক জয়ের নয় বছর পর আরেকবার বিশ্বমঞ্চে ভারতকে হারানোর খুব কাছে চলে গিয়েছিল বাংলাদেশ। এবারের আফসোসটা আরও বেশি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিততে শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১১ রান, সেখান থেকে পরপর দুটি চার মেরে সমীকরণটাকে ৩ বলে ১ রানে নিয়ে আসেন মুশফিকুর রহিম। হাতে উইকেটও ছিল তিনটি। কিন্তু শেষ তিন বলের বিবরণটা ছিল এমন—ডব্লু, ডব্লু, ডব্লু। অবিশ্বাস্যভাবে ম্যাচ হেরে গেল বাংলাদেশ।
সেই ম্যাচে হারের পর সমালোচনা হয় মুশফিকের উদ্যাপন নিয়েও। ওভারের প্রথম তিন বলে দুটি চার মেরে দলকে জয়ের কাছে নিয়ে আসার পর মুষ্টিবদ্ধ হাতে উদ্যাপন করেন ‘মুশি’। হয়তো স্নায়ুচাপের মধ্য থেকে এভাবে জয়ের কাছে নিয়ে আসার তৃপ্তি ছুঁয়ে যাচ্ছিল তাঁকে। তখন কি আর জানতেন, শেষ তিন বলে অমন হবে! বাংলাদেশের জন্য জঘন্য হলো শেষ তিনটি বল। জয় নিশ্চিত হওয়ার আগেই অমন উদ্যাপন করে মুশফিকও পড়লেন সমালোচনার মুখে। আর ভারতের সমর্থকেরাও শুরু করলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ককে নিয়ে খোঁচাখুঁচি।
সেই বিশ্বকাপেই ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেওয়ার পর মুশফিকের টুইট আবার অন্য বিতর্কের জন্ম দেয়। সেই টুইটে ভারতের বিদায়ে মুশফিকের আনন্দ প্রকাশ পাচ্ছিল। অন্য এক দলের অধিনায়ক হয়ে যা করা শিষ্টাচারের মধ্যে পড়ে না—এমন মন্তব্যের তির ছুটে যায় মুশফিকের দিকে। মুশফিক পরে টুইট মুছে ফেলেন।