বাংলাদেশ-শ্রীলঙ্কা সমানে সমান

• প্রথম ইনিংসে ৩২৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা
• স্পিনাররা এখনো আহামরি কোনো সুবিধা পাননি উইকেটে
• তৃতীয় দিনে পরিস্থিতি বদলাবে বলে হেরাথের ধারণা
চট্টগ্রামে এগিয়ে কে? ৫১৩ রান করেছে বাংলাদেশ। পাল্টা জবাব দিচ্ছে শ্রীলঙ্কাও, মাত্র ১ উইকেট হারিয়ে ১৮৭ রান করে ফেলেছে সফরকারীরা। তাই দ্বিতীয় দিন শেষে কোনো দলকে এগিয়ে রাখা কঠিন। রঙ্গনা হেরাথও সে ঝামেলায় যেতে চাইলেন না। দ্বিতীয় দিন শেষে সমতায় রাখছেন দুই দলকে।
বাংলাদেশের ফিল্ডিংয়ের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। শূন্য রানেই ফিরেছেন দিমুথ করুণারত্নে। তৃতীয় ওভারের সে সাফল্যটাই আজকের দিনের একমাত্র সাফল্য হয়ে রইল। কিন্তু দিনের বাকি ৪৫ ওভারে বোলাররা ড্রেসিংরুমে ফেরাতে পারেননি কাউকে। চট্টগ্রামের উইকেট এখনো প্রত্যাশিত সহযোগিতা করছে না স্পিনারদের। তবে বাংলাদেশের বিপক্ষে আগের সিরিজেই অধিনায়কত্ব করা শ্রীলঙ্কান স্পিনারের ধারণা কাল থেকেই পরিস্থিতি পাল্টাতে পারে। তবে প্রথম দুটি দিন যে ব্যাটসম্যানদের, সেটাও স্বীকার করে নিয়েছেন হেরাথ, ‘আমার কাছে এটি এখনো ব্যাটিং-সহায়ক উইকেট। ওরা ৫০০-এর বেশি করেছে, আমরাও ১ উইকেটে ১৮০ (১৮৭) করেছি। তৃতীয় দিন থেকে এ উইকেটে স্পিনাররা কিছু সাহায্য পাবে। আজ বিকেলেই আমি বল ঘুরতে দেখেছি। ম্যাচে এখনো সমতা।’
উইকেটে যে স্পিন কিছুটা হলেও ধরছে, সেটা সানজামুলের কিছু বলে বোঝা গেছে। অষ্টম ওভারে এই বাঁহাতি স্পিনারের একটি বলে তো আম্পায়ার মারাইস ইরাসমাসও মুগ্ধ হয়ে নড করেছিলেন। তাইজুলের কিছু বলও আশা জাগিয়েছিল। দেখা যাক, তৃতীয় দিনটা কী নিয়ে অপেক্ষা করছে।