বাংলাদেশ-শ্রীলঙ্কার কারণে ক্ষতি ১৮৬ কোটি টাকা
>ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ম্যাচ ফি দিতে পারছে না। তাদের দাবি এই অর্থ সংকটে বড় দায় ২০১৮ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

করোনাভাইরাসের দুঃসময়ে অন্যসব খেলার মতো বন্ধ ক্রিকেটও। তাতে আর্থিক ক্ষতির মুখে বেশিরভাগ দেশের ক্রিকেট বোর্ড। অনেক বোর্ডই খেলোয়াড় ও অন্যান্য কর্মচারীদের বেতন কমিয়ে দেওয়া সিদ্ধান্ত নিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই) অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত–টিদ্ধান্ত নিতে পারেনি। নেবেই বা কীভাবে, বোর্ডের কোষাগার যে একরকম ফাঁকাই পড়ে আছে। আর সেটির বড় কারণ নাকি ২০১৮ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজ সফর। সিডব্লুআইয়ের দাবি, ওই দুই সিরিজে ২কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১৮৬ কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের।
টাকার অভাবে এ বছর এখন পর্যন্ত আন্তর্জাতিক কি ঘরোয়া - কোনো খেলোয়াড়কেই ম্যাচ ফি দিতে পারেনি সিডব্লআই। করোনাভাইরাসে খেলা বন্ধ হওয়ার আগের দুই মাসের টাকা–পয়সা পাওনা খেলোয়াড়দের। আগে থেকেই অর্থ সংকটে ভুগছে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। করোনাভাইরাস এসে সেটিকে আরও বাড়িয়েই তুলেছে শুধু।
দেশটির পুরুষ দলের খেলোয়াড়েরা আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা সফরের ম্যাচ ফি পাননি। মেয়েদের দল পায়নি টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ফি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘরোয়া ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম শ্রেণির চার দিনের ম্যাচে টুর্নামেন্ট খেলে কোনো টাকা–পয়সাই পাননি তাঁর। যদিও ১০ রাউন্ডের টুর্নামেন্টটি আট রাউন্ড শেষেই বাতিল হয়ে গেছে। বার্বাডোজকে চ্যাম্পিয়ন ঘোষণা করে টুর্নামেন্টের হেডলি–উইকস ট্রফিটা দেওয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে দুধরনের চুক্তি বোর্ডের। একটিতে মাসিক বেতন পান চুক্তিভুক্ত ৯০ জন খেলোয়াড়। অন্যটিতে চুক্তিবদ্ধরা শুধু ম্যাচ খেললেই টাকা পান। দুই চুক্তির খেলোয়াড়েরাই প্রতি ম্যাচে ১৬০০ মার্কিন ডলার (প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা) ফি পেয়ে থাকেন।
ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ওয়েইন লুইস জানিয়েছেন, চুক্তিবদ্ধরা মাসিক বেতন পেলেও ম্যাচ ফি পাননি এখনো। সিডব্লআইয়ের প্রধান নির্বাহী জনি গ্রেভ আশ্বাস দিয়েছেন, একটু দেরি হলেও খেলোয়াড়দের বেতন পরিশোধ করবেন তারা, 'ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আর্থিকভাবে কঠিন সময় পার করছে। চুক্তিবদ্ধ সব খেলোয়াড়ের বেতন–ভাতা, প্রাইজমানি ও কিছু খেলোয়াড়ের ম্যাচ ফি-ও দেওয়া হয়েছে। তবে এখনো অনেক খেলোয়াড়ের বিপুল পরিমাণ পাওনা আছে। আমরা তা পরিশোধে সর্বোচ্চ চেষ্টা করছি।'
গ্রেভ জানিয়েছেন, ২০১৮ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে আতিথেয়তা দিয়েই আর্থিক সংকটে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড, 'আমরা যখন শ্রীলঙ্কা ও বাংলাদেশ আতিথেয়তা দিলাম, সে সময়ে আমাদের ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮৬ কোটি টাকা) ক্ষতি হয়েছে। ওই দুই সিরিজে সম্প্রচারস্বত্ত্ব চুক্তি থেকে আমাদের যা পাওয়ার কথা ছিল তা থেকে ১০ লাখেরও কম ডলার পেয়েছি।'
তবে গ্রেভ জানিয়েছেন, ২০১৯ সালে ইংল্যান্ড ও ভারত ওয়েস্ট ইন্ডিজ সফর করাতেই একেবারে দেউলিয়া হয়ে যায়নি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, 'ক্ষতিটা পুষিয়েছে ২০১৯ সালে ইংল্যান্ড ও ভারতকে পেয়ে। ওই দুই সিরিজ থেকে রেকর্ড লাভ হয়েছে। ওই টাকা দিয়েই ২০১৮ ও ২০১৯ সালের পাওনা পরিশোধ করেছি।'