
বিশ্বকাপ এখন ঢুকে পড়েছে শিরোপা নির্ধারণী পর্বে। আর মাত্র ৭টি ম্যাচ দূরে শিরোপা এবং সব দলকেই মনে হচ্ছে মুকুট পরার জন্য তৈরি। কোয়ার্টার ফাইনালে যারা উঠেছে তাদের যে কারোরই বিশ্বকাপ জেতার সম্ভাবনাকে আমি নাকচ করব না। কারণ এখনকার আন্তর্জাতিক ক্রিকেটে
যেকোনো দলই যে কাউকে হারাতে পারে। এই বিশ্বকাপে সেটা খুব ভালোভাবেই দেখা গেছে।
প্রত্যাশিত দলগুলোর মধ্যে শুধু ইংল্যান্ডই পারেনি নকআউট পর্বে উঠতে। বাংলাদেশের কাছে হেরে গেছে তারা, আর এই বাংলাদেশ এবারের বিশ্বকাপে সত্যিই প্রতিজ্ঞাবদ্ধ। তাদের অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণেই বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নিতে হলো ইংলিশদের।
বিশ্বকাপে এবার তিনটি দল আমাকে বিস্মিত করেছে। ইংল্যান্ড আমাকে একটা ধাক্কাই দিয়েছে বলতে হবে, কারণ আমার আশা ছিল তারা ভালো খেলবে। হতাশ করেছে দক্ষিণ আফ্রিকাও। কারণ এখনো তারা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। আমার কাছে আরেকটা চমক ভারত। কারণ সবাই যে রকম প্রত্যাশা করেছিল, তার চেয়ে অনেক বেশি ভালো খেলছে তারা। প্রতিটি ম্যাচই তারা জিতেছে এবং বিস্ময়করভাবে প্রতিপক্ষের ৬০ উইকেট নিয়েছে। প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করে টুর্নামেন্টে ভারতীয় বোলাররা অন্য রকম এক মর্যাদা আদায় করেছে। দুই বছর ধরে দেশের বাইরে যে দলটির পারফরম্যান্স ছিল বাজে, তাদের জন্য এটা বিরাট পরিবর্তন। বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকেই সেরা দল মনে হয়েছে আমার।
ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে খেলার সময় থেকেই আমি তাদের অনেক বড় ভক্ত। তাদের ক্লাইভ লয়েডের মতো কাউকে দরকার, যিনি খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে পারবেন। দলকে এক সুতায় বেঁধে রাখার অসাধারণ গুণ ছিল তাঁর এবং ওয়েস্ট ইন্ডিজেরও এখন এমন কাউকে দরকার যে দলটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তবে কাজটা খুব কঠিন। কারণ এই দলের খেলোয়াড়েরা আসে ভিন্ন ভিন্ন দ্বীপ থেকে, নানা মেজাজের হয় তারা।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের পারফরম্যান্স আসলেই দেখার মতো। তাদের খেলার মান নিয়ে কখনোই আমার সংশয় ছিল না। আমার চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে দলটার গঠন আর মানসম্মত ফিল্ডিং। তবে নিউজিল্যান্ডের বাইরের ম্যাচগুলোতে তারা এই জিনিসটা ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ আছে আমার।
পাকিস্তান বিপজ্জনক দল। শুরুতে খারাপ করার পরও তারা শেষ পর্যন্ত শেষ আটে উঠেছে। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। ক্রিকেটে যারা তীব্র লড়াই দেখতে পছন্দ করে তাদের মনোযোগ কাড়বে এই ম্যাচ। হাই ভোল্টেজ এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে কারা জিতবে, সেটা নির্ভর করবে দুই দলের খেলোয়াড়দের মেজাজের ওপরও।
পাকিস্তান আজ এই জায়গায় এসেছে অনেকটা পথ পেরিয়ে। তাদের ঘরোয়া ক্রিকেটের অবস্থা এখন খুব একটা ভালো নয়। মানসম্মত ক্রিকেট হয় না বললেই চলে। ক্রিকেটের প্রতি ভালোবাসাই তাদের টেনে নিচ্ছে, হয়তো উৎসাহ জোগাচ্ছে দেশে হওয়া সমালোচনাটাও। পাকিস্তানি ক্রিকেটাররা একটু আক্রমণাত্মক মানসিকতার হলেও তাদের অধিনায়ক মিসবাহ-উল-হক ধীরস্থির। তবে ইমরান খানের মতো কারও সঙ্গে আমি তার তুলনা করব না। দুজনের চরিত্র এবং মেজাজে আকাশ-পাতাল পার্থক্য। ধোনির মতোই শান্ত স্বভাবের মিসবাহ এবং আমরা দেখেছি দলের এগোনোর পথে প্রতিটি ম্যাচেই তার ভূমিকা কত গুরুত্বপূর্ণ ছিল। সরফরাজ আহমেদের অন্তর্ভুক্তি পাকিস্তানের ব্যাটিংকে বদলে দিয়েছে, সুযোগও বাড়িয়েছে।
তবে বিশ্বকাপে সবচেয়ে ভয়ংকর এবং ধারাবাহিক দল হলো অস্ট্রেলিয়া। তারাই সবচেয়ে ফেবারিট। ডেভিড ওয়ার্নার আর গ্লেন ম্যাক্সওয়েল যে রকম বিধ্বংসী ব্যাটিং করে, তাদের একজনই ম্যাচ বের করে নিতে পারে। অস্ট্রেলিয়ার বোলিং খুবই ধারালো। সবচেয়ে ভয়ংকর মিচেল জনসন, তবে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ধ্বংস করার কাজটা করছে মিচেল স্টার্কই। সে ম্যাচ উইনার, কখনো কখনো জনসনের চেয়েও ভয়ংকর। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করা ব্যতিক্রমই, তার ওপর ওই গতির মধ্যে সে সুইংও করাচ্ছে। তবে জনসনকেও উপেক্ষা করার উপায় নেই। বড় খেলোয়াড়েরা বড় ম্যাচেই জ্বলে ওঠে।
আর দক্ষিণ আফ্রিকা যেন ভুল থেকে শিখছে না। তারা প্রতিশ্রুতি কম দিচ্ছে না, কিন্তু আসল জায়গায় গিয়ে ভুল করছে, হতাশ করছে সমর্থকদেরও। দক্ষিণ আফ্রিকানদের ‘চোকার’ বললে আমার ভালো লাগে না। তবে এই ভাবমূর্তি বদলানোর দায়িত্ব খেলোয়াড়দেরই। তাদের প্রতিপক্ষ গত দুবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কা। শ্রীলঙ্কর পারফরম্যান্সের ধারাবাহিকতাই দলটার পক্ষে কথা বলে। টুর্নামেন্টে কুমার সাঙ্গাকারা ও তিলকরত্নে দিলশানের দারুণ সেবা পাচ্ছে তারা।
বিশ্বকাপের মঞ্চ এখন দুর্দান্ত কিছু ম্যাচের অপেক্ষায়। এখনই বসে পড়ুন, উপভোগ করুন বিশ্বকাপের শেষ কটা ম্যাচ। (পিচ সলিউশন)