বাংলাদেশ সফর না আইপিএল? আগেই বলেছিলেন পিটারসেন

ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউডের সঙ্গেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল সেপ্টেম্বরে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা তাদের।

কিন্তু দুই বোর্ডের সম্মতিতে সফরটি পিছিয়ে নেওয়া হয়েছে ২০২৩ সালের মার্চে। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলো খেলার বিষয়ে ইংল্যান্ড ক্রিকেটারদের সবুজসংকেত পেয়েছে বিসিসিআই।

যাঁরা এর পেছনের কারণ বুঝতে পারছেন না, কেভিন পিটারসেন তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন। আজ তিনি এ নিয়ে দুটি টুইট করেন।

প্রথম টুইটে একটি ছবি সংযুক্ত করেছেন তিনি, যেখানে লেখা, ‘বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় আইপিএলে পাওয়া যাবে ইংল্যান্ডের খেলোয়াড়দের।’ ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কয়েক মাস আগে ইসিবি যখন বলেছিল, তাদের খেলোয়াড়েরা আইপিএলে না খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে গুরুত্ব দেবে, তখন আমার করা টুইটটি কেউ খুঁজে দিতে পারেন।’

পিটারসেনের সমর্থকেরা মোটেও দেরি করেননি। তাঁর সে সময়ের করা টুইট খুঁজে বের করেন সমর্থকেরা। সেই টুইট পিটারসেন আবার রি-টুইট করেন, যেখানে সে সময় তিনি লেখেন, ‘আইপিএলের সূচি নতুন করে ঠিক করা হলে ইসিবি কীভাবে তাদের সেরা খেলোয়াড়দের আইপিএলে খেলা থেকে বিরত রাখে, সেটি হবে আগ্রহ নিয়ে দেখার মতো বিষয়। যখন আমি ইংল্যান্ডের বিপক্ষে দাঁড়াই, একা ছিলাম। এখন কিন্তু তাদের সেরা খেলোয়াড়েরা, ওরা একত্র থাকলে আইপিএল খেলবে।’

করোনাভাইরাসে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ আয়োজনের ভেন্যু ও দিন-তারিখ নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন গত ১২ মে পিটারসেন এই টুইট করেছিলেন।

এর কিছুদিন পর আইপিএল আরব আমিরাতে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। পিটারসেন সেই টুইট করার দুই দিন আগে ইংল্যান্ড জাতীয় দলের পরিচালক অ্যাশলি জাইলস বলেছিলেন, ‘আমাদের সামনে এখন পূর্ণাঙ্গ ভবিষ্যৎ সফর পরিকল্পনা। এই সফরগুলো (বাংলাদেশ ও পাকিস্তান) হলে আমি তাদের (ইংল্যান্ড খেলোয়াড়) সেখানে দেখতে চাই।’

জাইলস এ মন্তব্য করার পরের দিন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল আথারটন তাঁর প্রশংসা করে টুইট করেন, ‘ইংল্যান্ডের সূচি এবং পুনর্নির্ধারিত আইপিএলের সূচির মাঝে জাইলসকে শক্তভাবে দাঁড়াতে দেখে ভালো লাগছে।’

পিটারসেন আথারটনের টুইটের জবাবে লিখেছিলেন, ‘দেখা যাক, কে জেতে...।’ দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত পিটারসেন অদৃশ্য এই লড়াইয়ে নিশ্চিতভাবেই ইংল্যান্ড জাতীয় দল ও আইপিএলের মধ্যে যেকোনো একজন সম্ভাব্য বিজয়ীকে বুঝিয়েছেন।

সেটাও বোঝা গেল পিটারসেনের সর্বশেষ টুইটে। এই দুই সাবেক ক্রিকেটারের কথার স্ক্রিনশট টুইটারে পোস্ট করেন এক ক্রিকেটপ্রেমী। পিটারসেন তা রি-টুইট করে লিখেছেন, ‘একটাই বিজয়ী।’

সেই ‘বিজয়ী’ কে বা কী, সেটা এখন পরিষ্কার। ভারতীয় সংবাদমাধ্যম লিখেছিল, আরব আমিরাতে ইংল্যান্ড খেলোয়াড়দের আইপিএলে খেলার সুযোগ করে দিতেই ইংল্যান্ড-বাংলাদেশ সাদা বলের সিরিজ স্থগিত করা হতে পারে। সিরিজ এর মধ্যেই স্থগিত হয়ে গেছে। বিরাট কোহলিরা এখন ইংল্যান্ডে। সেখানে স্বাগতিকদের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন তাঁরা। ১৪ সেপ্টেম্বর শেষ হবে এই সিরিজ। এরপর ভাড়া করা বিমানে ভারত ও ইংল্যান্ড দল আইপিএল খেলতে আরব আমিরাতের প্রতি উড়াল দেবে।

বাংলাদেশ সফর না করলেও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ১৪ ও ১৫ অক্টোবর দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাবে ইংল্যান্ড দল।