বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার সবুজসংকেত

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরটা তাহলে হচ্ছে। অস্ট্রেলিয়ার এবিসি রেডিওকে আলোচিত সফর নিয়ে সবুজসংকেতই দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। তবে এখানে একটি ‘যদি’ আছে। যদি এর মধ্যে নিরাপত্তাসংক্রান্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে!
২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। অস্ট্রেলীয় সরকারের নির্দেশে সে সফর আকস্মিকভাবে স্থগিত হয়ে যায়। অস্ট্রেলীয় সরকার এক সতর্কবার্তায় বলেছিল, সফরের ওই সময়টিতে অস্ট্রেলিয়ানদের ওপর জঙ্গি হামলার শঙ্কা আছে। ২০১৬ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে একমাত্র অস্ট্রেলিয়াই নাম প্রত্যাহার করে নেয়।
তবে শঙ্কার মেঘ যে কেটে যাচ্ছে, সে ব্যাপারে সাদারল্যান্ডই দিয়েছেন স্পষ্ট ইঙ্গিত, ‘সম্ভাবনা যথেষ্টই। আমরা দেখেছি গত বছরের শেষ দিকে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে গিয়েছিল। তাদের ঘিরে নিরাপত্তাব্যবস্থা ছিল যথেষ্ট উঁচুমানের। আমরা সে সময় আমাদের নিরাপত্তা-প্রধান শন ক্যারলকে ৮-১০ দিনের জন্য বাংলাদেশে পাঠিয়েছিলাম। তিনি সেখানে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ধারণা নিয়েছিলেন।’
চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরেকটু অপেক্ষার নীতি নিয়েই এগোচ্ছে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা সিএকে আশাবাদী করছে বলেই জানিয়েছেন সাদারল্যান্ড, ‘যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটে যেতে পারে। আমরা পরিস্থিতির ওপর নিয়মিত চোখ রাখব। তবে আমরা বাংলাদেশে যাচ্ছি, এটি ধরে নিয়েই পরিকল্পনা করছি। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড যে ধরনের নিরাপত্তাব্যবস্থার কথা বলছে, সেটা অবশ্যই আমাদের জন্য স্বস্তির। এ মুহূর্তে আমাদের পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশে দুটি টেস্ট খেলব।’
নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে না আসায় অস্ট্রেলিয়া একধরনের ‘চাপে’ আছে বলেও জানিয়েছেন সাদারল্যান্ড। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী এটাও বলেছেন, নিরাপত্তাই তাঁদের কাছে প্রধান বিবেচ্য, ‘যদিও বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়া একটু চাপের মধ্যে আছে, তবে নিরাপত্তাব্যবস্থার মানের ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না। নিরাপত্তাব্যবস্থা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সন্তুষ্ট হওয়ার পরই আমরা এই সফরে যাব। আমি মনে করি, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তাই প্রধান বিবেচ্য বিষয়। আমরা এসব দেখেই পুরো বিষয়টা বিচার করব।’
দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী আগস্ট-সেপ্টেম্বরের দিকে এই সফর হতে পারে বলে জানিয়েছেন সাদারল্যান্ড। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।