বাংলাদেশ সফরে আফগানদের শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশকে ভালোই ভয় দেখিয়েছিল আফগানিস্তান। দ্বিতীয় ওয়ানডে জিতে নিয়ে সিরিজ জয়ের আশাও দেখছিল তারা। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচে এসে ভরাডুবি হয়েছে আফগানদের। ১৪১ রানের বড় পরাজয় নিয়েই সফর শেষ করতে হলো তাদের। কিন্তু পরাজয়ের গ্লানিতে ডুবতে রাজি নন আফগান অধিনায়ক আসগর স্টানিকজাই। এই সিরিজ থেকে পাওয়া অভিজ্ঞতাটাই বেশি গুরুত্ব পাচ্ছে তাঁর কাছে।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হারের জন্য অভিজ্ঞতার অভাবকেই বড় করে দেখলেন স্টানিকজাই। তবে আজকের হারের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে চান তিনি ‘বাংলাদেশ একটি পূর্ণ সদস্য দল, তাদের অভিজ্ঞতা অবশ্যই বেশি। আমরাও ভালো খেলেছি এবং প্রথম দুই ম্যাচে ওদের অনেক কঠিন সময় উপহার দিয়েছি। এই ম্যাচ গুলো আমাদের অভিজ্ঞতা অনেক বাড়িয়ে দেবে।’
আজ সেঞ্চুরিয়ান তামিম ইকবাল ১ রানেই ফিরে যেতে পারতেন। কিন্তু তামিমের ক্যাচটি ছেড়েছেন অধিনায়ক স্টানিকজাই নিজেই। তবে এ ক্যাচেই ম্যাচের রং বদলেছে বলে মনে করেন না তিনি, ‘ক্যাচ ফসকানো তো খেলারই অংশ। ভাগ্যও তাই। মাঝে মাঝে আপনি দুর্দান্ত ক্যাচ ধরবেন কখনো সহজ ক্যাচ ফেলবেন। আর তামিম তো এর পর দারুণ খেলেছে। ওরা পুরো দলই ভালো খেলেছে।’
সিরিজটি হেরে গেলেও বাংলাদেশকে অন্তত একটা ম্যাচে তো হারানো গেছে। বাংলাদেশ ছাড়ার আগে এই তৃপ্তিটাই বড় করে দেখলেন আফগান অধিনায়ক, ‘এটা আমাদের জন্য সফল এক ট্যুর ছিল। আমরা অনেক কিছু শিখেছি। স্পিনিং ট্র্যাকে রান তাড়া করা অনেক কঠিন। প্রথম ম্যাচেও আমরা জিততে পারতাম, দ্বিতীয় ম্যাচে তো আমরা জিতেই গেলাম। এই ম্যাচে আমরা কিছু ভুল করেছি। জুটি গড়তে পারিনি। ওয়ানডে জিততে হলে একটি বা দুটি বড় জুটির প্রয়োজন । ওরা (বাংলাদেশ) ভালো বল করায় সেটা হয়নি।’
আর এ সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়েই ভবিষ্যতে বড় দলগুলোর বিপক্ষে আরও সিরিজ খেলতে চান স্টানিকজাই, ‘এ সিরিজ থেকে অনেক কিছু শিখেছি। আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিরিজ ছিল। জিম্বাবুয়ের পর বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারলাম। পূর্ণ সদস্যদের বিপক্ষে খেলার সুযোগ হলো আমাদের। আমরা চেষ্টা করছি পূর্ণ সদস্যদের সঙ্গে বেশি করে খেলার। আমরা জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে ভালোই খেলেছি। আর বাংলাদেশ তো অনেক বড় বড় দলকেই দেশের মাটিতে হারায়। আশা করি, এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ভালো করব আমরা।’