বাংলাদেশ সফরে নেই জনসন-হ্যাজলউড?
ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের দলে নেই মিচেল জনসন ও জশ হ্যাজলউড। এটা পুরোনো খবর। নতুন খবর হলো অস্ট্রেলিয়ার এ দুই ফাস্ট বোলারকে ছাড়াই হয়তো বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। জনসন-হ্যাজলউডের ভবিষ্যতের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেট অস্ট্রেলিয়া।
গত ডিসেম্বর থেকেই টানা ক্রিকেট খেলছে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশ সফরের পর নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। এরপর ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পর নিউজিল্যান্ড সফর। আসন্ন মৌসুমের এমন ব্যস্ততা বিবেচনা করেই হয়তো অস্ট্রেলিয়ার নির্বাচকেরা দুই পেসারকে বাংলাদেশ সফরের দলে রাখছেন না।
সিএর প্রধান নির্বাহী প্যাট হাওয়ার্ডও বললেন, ‘ফাস্ট বোলারদের নিয়ে শুধু বাংলাদেশ সফরই নয়, অন্য টেস্ট দলগুলোর জন্যও আমাদের বিশেষ পরিকল্পনা আছে। জনসন ও হ্যাজলউডের ওপর দিয়ে অনেক ধকল গেছে। তাই ওদের সতর্কতার সঙ্গেই বিবেচনা করা উচিত।’