বাংলাদেশ সফরে ভারতের 'কোচ' রবি শাস্ত্রী

কয়েক দিন ধরেই গুজব ছিল ভারতীয় ক্রিকেট দলের কোচ কিংবা টিম পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। গতকাল জানা গেল, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষণের সঙ্গে সৌরভ রয়েছেন উপদেষ্টা পরিষদে। তাতেই ইঙ্গিত মিলেছিল দলের কোচ কিংবা পরিচালক হিসেবে থাকতে যাচ্ছেন রবি শাস্ত্রী। হলোও তা-ই। আজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বাংলাদেশ সফরে ভারতীয় দলের পরিচালক হিসেবে থাকছেন শাস্ত্রী।
এ সফরে একই সঙ্গে পরিচালক ও কোচের ভূমিকা পালন করবেন শাস্ত্রী। তাঁকে সহায়তা করতে বোলিং কোচ হিসেবে থাকবেন ভারত অরুণ, ফিল্ডিং কোচ হিসেবে রামকৃষ্ণ শ্রীধর ও ব্যাটিং কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গার। ডানকান ফ্লেচারের সময়েও এ তিনজন ছিলেন। বিশ্বকাপের পর ফ্লেচারের মেয়াদ শেষ হলে নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, ৫-৬ জুন ঘোষণা হতে পারে নতুন কোচের নাম। যেহেতু শাস্ত্রীকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। তার মানে নতুন কোচ নিয়োগে ‘ধীরে চলো নীতি’তে এগোতে চাচ্ছে বিসিসিআই।
৮০ টেস্ট ও ১৫০ ওয়ানডে খেলা শাস্ত্রী গত আগস্ট থেকে বিশ্বকাপ পর্যন্ত দলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিশ্বকাপের পর ফ্লেচারের মেয়াদ শেষ হওয়া ও বিসিসিআইয়ের নতুন সভাপতি হিসেবে জগমোহন ডালমিয়া দায়িত্ব নেওয়ার পর অনেকে ধারণা করেছিলেন, শাস্ত্রীকে হয়তো ভারতীয় দলের কোনো দায়িত্বে রাখা হবে না। কিন্তু নতুন কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত শাস্ত্রীর ওপরই ভরসা রাখতে হচ্ছে বিসিসিআইয়ের। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
বাংলাদেশ ভারত সিরিজের সূচী:
১০ জুন ১ম টেস্ট ফতুল্লা
১৮ জুন ১ম ওয়ানডে মিরপুর
২১ জুন ২য় ওয়ানডে মিরপুর
২৪ জুন ৩য় ওয়ানডে মিরপুর