বাংলাদেশ সফরে রেকর্ডের অপেক্ষায় মাসাকাদজা ভাইয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সফরে রেকর্ড গড়তে পারেন মাসাকাদজা ভাইয়েরা। ফাইল ছবি
বাংলাদেশ সফরে রেকর্ড গড়তে পারেন মাসাকাদজা ভাইয়েরা। ফাইল ছবি

এক টেস্টে ১১ জন খেলে। ভাবছেন, এ আর নতুন কী এমন তথ্য যে ঘটা করে বলতে হবে? যদি এমনটা হয়, সেই ১১ জনের তিনজনই একই পরিবারের। তিনজনই ভাই! এমনটা খুব বেশি ঘটেনি টেস্ট ক্রিকেটে। সেটাই ঘটতে পারে এবার। বাংলাদেশ সফরে একই টেস্টে দেখা যেতে পারে তিন মাসাকাদজা ভাইকে।
বাংলাদেশ সফরের তিন টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সেই দলে আছেন হ্যামিল্টন মাসাকাদজা, শিঙ্গিরাই মাসাকাদজা ও ওয়েলিংটন মাসাকাজদা। প্রথমজন ব্যাটসম্যান, দ্বিতীয়জন পেসার এবং শেষ জন বাঁ-হাতি স্পিনার। তিন ভাইয়েরই এক টেস্টে খেলার ভালো সম্ভাবনা আছে।

এর আগে ১৯৮০ সালে ওভাল টেস্টে খেলেছেন গ্রেস ভাইদের তিনজন। ক্রিকেটের বিখ্যাত হিয়ার্ন পরিবার থেকে ১২ জন প্রথম শ্রেণির ক্রিকেটার উঠে এসেছিলেন। এর মধ্যে তিন হিয়ার্ন ভাই খেলেছেন একই টেস্টে। পাকিস্তানের তিন মোহাম্মদ—হানিফ, মুশতাক ও সাদিক ১৯৬৯ সালে করাচি টেস্টে খেলেছেন একসঙ্গে। ৩৫ বছর পর আবারও তিন ভাইয়ের এক টেস্টে খেলার রেকর্ড দেখা যেতে পারে।

সাতটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা ২১ বছর বয়সী ওয়েলিংটন জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করে গেছেন। ওই সফরে নজর কাড়া ব্যাটসম্যান ব্রায়ান চারিকেও রাখা হয়েছে দলে। জিম্বাবুয়ে স্কোয়াডে টেস্ট না খেলা ক্রিকেটার আছেন আর একজন—অলরাউন্ডার নাতসাই এম’শাঙউই।
২৫ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথমটি।

জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, ক্রেগ আরভিন, তাফাজওয়া কামুঙ্গোজি, হ্যামিল্টন মাসাকাদজা, শিঙ্গিরাই মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, নাতসাই এম’শাঙউই, রিচমন্ড মুতুম্বামি, জন নিয়ম্বু, তিনাশে পানিয়াঙ্গারা, ভুসিমুজি সিবান্দা, ম্যালকম ওয়ালার। সূত্র: রয়টার্স, ক্রিকইনফো।