বাংলাদেশ সফরের জন্য আফগানিস্তানের দল ঘোষণা
হাশমতউল্লাহ শহীদিকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
নেদারল্যান্ডসের বিপক্ষে আফগানিস্তানের সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন উসমান গনি। ১৮ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান। কায়েস আহমেদ ও সেলিম সাফিকে ওয়ানডে দলের স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে।
বড় পরিবর্তন এসেছে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে। গত বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে আফগানরা। অবসর নেওয়ায় দলে নেই আসগর আফগান। বাদ পড়েছেন গুলবদিন নাইব, মোহাম্মদ শেহজাদ, হাশমতউল্লাহ, হামিদ হাসান ও নাভিন–উল–হক।
ডাক পেয়েছেন দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, আফসার জাজাই, কায়েস আহমেদ ও নিজাত মাসুদ। আফগানিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন মোহাম্মদ নবী।
আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইশ আশরাফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘নির্বাচকেরা ওয়ানডে দলে বেশ কিছু নতুন ক্রিকেটারকে সুযোগ করে দিয়েছে। এটা আমাদের দলের জন্য ভালো লক্ষণ। আমরা সামনের বিশ্বকাপ মাথায় রেখে এগোচ্ছি। এই তিনটি ওয়ানডে ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত দলের মধ্যে যথেষ্ট সামর্থ্য আছে ভালো করার।’
১২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছে আফগানিস্তান দল। এক দিনের কোয়ারেন্টিন শেষে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করেছে সফরকারীরা। সিলেট থেকে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে যাবে আফগান দল। সেখানে প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৩ ফেব্রুয়ারি, পরের দুই ম্যাচ ২৫ ও ২৮ তারিখ। সফরের দুই টি-টোয়েন্টি হবে মিরপুরে। প্রথম ম্যাচ ৩ মার্চ এবং শেষটি ৫ মার্চ।
ওয়ানডে দল:
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবদিন নাইব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলি খিল, মোহাম্মদ নবী, মুজিব উর রেহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদুল্লাহ কামাল ও ইয়ামিন আহমেদজাই।
রিজার্ভ: কায়েস আহমেদ ও সেলিম সাফি।
টি-টোয়েন্টি দল:
মোহাম্মদ নবী (অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, করিম জানাত, মুজিব উর রেহমান, নাজিবউল্লাহ জাদরান, নিজাত মাসিদ, কায়েস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ ও উসমান গনি।