বাংলাদেশ সফরের ভূত সাত ম্যাচে টেনে নিল 'বিশ্ব সেরারা'!

নিজেদের মাটিতে ফিরে এসেও ভাগ্য ফিরল না দক্ষিণ আফ্রিকার। ডারবান টেস্টে ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিক দল। আজ টেস্টের পঞ্চম দিনে মধ্যাহ্ন বিরতির আগেই হেরে বসেছে তারা। চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ২৪১ রানে হেরেছে প্রোটিয়ারা। এ নিয়ে টানা সাত ম্যাচ জয়হীন দক্ষিণ আফ্রিকা।
টেস্ট র্যাঙ্কিংয়ে অনেক দিন ধরেই শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। র্যাঙ্কিংয়েও তাদেরই জয়জয়কার। বছরের শুরুতে অন্য দলগুলোর ধরা ছোঁয়ার বাইরে ছিল প্রোটিয়ারা। কিন্তু নিজেদের শ্রেষ্ঠত্বকে নিজেরাই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে তারা। বাংলাদেশ সফর থেকে শুরু করে সাদা পোশাকের ক্রিকেটে আর জয় পাচ্ছে না। বাংলাদেশ সফরে সেই জয় জয় না পাওয়ার ভূত চাপল এক নম্বর দলটির কাঁধে, এখনো নামেনি।
ম্যাচ বাঁচাতে আজ এবি ডি ভিলিয়ার্সের দিকেই তাকিয়ে ছিল দল। কিন্তু দিনের তৃতীয় বলেই সব আশা শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। মঈন আলীর বলে এলবিডব্লু হয়ে যান এবি। এরপর তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে প্রোটিয়া মিডল অর্ডার। ৮ ওভারে মাত্র ৭ রানে ৪ উইকেট হারিয়ে লাঞ্চের আগেই খেলা শেষ হওয়া নিশ্চিত করে ফেলে স্বাগতিক দল। শেষ দুই উইকেট জুটি ৩১ রান তুলে কেবল জয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে, ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।
ভারতের বিপক্ষে খাবি খেয়ে বেড়ানো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা নিজেদের মাঠেও রানের দেখা পেলেন না। দুই ইনিংস মিলিয়েও চার শ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা দল। ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই আবারও লজ্জার পড়তে হলো টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দলকে। না কি ভারতে খাওয়া নাকানিচুবানিতেই অভ্যস্ত হয়ে গেছে প্রোটিয়ারা! টেন ক্রিকেট।