প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচটা হারলেও দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। কাল নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে পেয়েছে চতুর্থ জয়।
বান্দ্রার এমআইজি ক্রিকেট ক্লাব স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ। ওপেনার আবদুল মালেক মাত্র ৭১ বল খেলে করেন ১৮০ রান, ৪৪ বলে ৯০ রান আবদুল্লাহ জবিরের। তাড়া করতে নেমে ৯ উইকেটে ২৪০ করেই থেমে যায় নিউজিল্যান্ড।
ভারতের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল বাংলাদেশের। তবে এরপর দক্ষিণ আফ্রিকা, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে বাংলাদেশ। ১০ দলের এ টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে একবার করে খেলছে। পয়েন্ট তালিকার সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে।