বাংলাদেশ ৪: ২ ইংল্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাক বল এবার ব্যাট হাতে লড়ে গেছেন। ছবি: এএফপি
জ্যাক বল এবার ব্যাট হাতে লড়ে গেছেন। ছবি: এএফপি

‘এ’ ছিল। ‘বি’ ছিল। ‘সি’ ছিল। এবার ‘ডি’ও পূর্ণ হয়ে গেল। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আগের তিনটি জয় ছিল অ্যাডিলেড, ব্রিস্টল ও চট্টগ্রামে। এবার ঢাকাতেও এল জয়। আগের তিনটি জয়ই ছিল ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি সাক্ষাতে সর্বশেষ চার ম্যাচে!

বাংলাদেশই তো ফেবারিট! সিরিজ শুরুর আগে এমনই আলোচনা চলল জোরেশোরে। যে দলের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ চার ওয়ানডের তিনটাই জিতেছে, তাদের বিপক্ষে ফেবারিট তো হওয়ারই কথা!
গত ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই কীভাবে যেন মুঠো থেকে ফসকে বেরিয়ে গেল জয়। নাহলে সেটি হতো পাঁচ ম্যাচে বাংলাদেশের চতুর্থ জয়। সেই জয়টা অবশেষে দুদিন পরে এল। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৬ ম্যাচের হিসাবে বাংলাদেশ এখন ৪-২ ব্যবধানে এগিয়ে!
২০১০ সালের জুনে বিস্ট্রলে বাংলাদেশের নাটকীয় জয়টি এসেছিল মাত্র ৫ রানে। তখন থেকেই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় মানেই যেন এ দেশের সমর্থকদের ওপর স্নায়ুচাপের পরীক্ষা। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশের জয় ছিল মাত্র ২ উইকেটে। গত বিশ্বকাপে অ্যাডিলেডের জয়টা ১৫ রানের। আর আজ বড় জয় পেতে পেতে শেষ পর্যন্ত সেটাই শেষ মুহূর্তের নাটকীয়তায় নেমে এলে ছোট এক জয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ আজ মিরপুরে জিতল ৩৪ রানে।