বাংলাদেশ ৫, বাংলাদেশ ৭!
বাংলাদেশের আগে শুধু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড তো বটেই; ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের অবস্থানও বাংলাদেশের পরে। তার মানে আইসিসির ওয়ানডে র্যা ঙ্কিংয়ে বাংলাদেশ পঞ্চম দল! স্বপ্নের মতো ব্যাপারই কি মনে হচ্ছে না?
স্বপ্ন নয়, সত্যি। ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমের ফলাফলের ভিত্তিতে ১০১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এ মুহূর্তে আসলেই আইসিসির ওয়ানডে র্যা ঙ্কিংয়ের পঞ্চম দল। ১০০ পয়েন্ট করে নিয়ে ষষ্ঠ ও সপ্তমে ইংল্যান্ড, শ্রীলঙ্কা। কিন্তু আইসিসির র্যা ঙ্কিং হয় তিন বছর মেয়াদি চক্রে। প্রথম দুই মৌসুমে পাওয়া পয়েন্ট থেকে যোগ হয় অর্ধেক, সর্বশেষ মৌসুমের পুরোটা। সে অনুযায়ী ২০১৩-১৪ মৌসুমের ফলাফল ধরলে বাংলাদেশের অবস্থান এখনো সাত নম্বরেই। আগামী ২ মে প্রকাশিতব্য ওয়ানডে র্যা ঙ্কিং যেহেতু গত তিন মৌসুমের ফলাফলের ওপর ভিত্তি করেই হবে, সেখানেও বাংলাদেশের অবস্থান সাতেই থাকবে।
তাহলে বাংলাদেশের পাঁচ নম্বর হওয়া নিয়ে এত মাতামাতি কেন? কারণ, এই র্যা ঙ্কিং বাংলাদেশের ক্রিকেটকে দেখাচ্ছে ভালো কিছুর সম্ভাবনা। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে ২০১৭-এর ৩০ সেপ্টেম্বরের র্যা ঙ্কিংয়ের শীর্ষ আট দল। থাকবে বাছাইপর্বের শীর্ষ দুই দলও। তার মানে বাছাইপর্বে খেলা এড়াতে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমের অবস্থান থেকে পেছনে যেতে পারবে না বাংলাদেশ। ইংল্যান্ড সেরা আটের বাইরে থাকলেও স্বাগতিক হিসেবে তারা খেলবে সরাসরি। ২০১৭-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যা ঙ্কিংয়ে তাই বাংলাদেশের জন্য শীর্ষ সাত দলের মধ্যে থাকাই নিরাপদ।
আইসিসির সভা শেষ করে কাল সকালে দুবাই থেকে ফিরে বিকেলেই ব্যাপারটা প্রকাশ্যে আনেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তাঁর ধানমন্ডির কর্মস্থলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, ‘আইসিসির সভায় জানানো হয়েছে বাংলাদেশ এখন ওয়ানডেতে ৫ নম্বরে। তারা সব হিসাব-নিকাশ করেই বলেছে আমাদের বাছাইপর্ব (২০১৯ বিশ্বকাপের জন্য) খেলার কোনো সম্ভাবনা নেই।’ আইসিসির সভায় যে র্যা ঙ্কিং দেওয়া হয়েছে তাতে নবম স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ৭৯। মাঝে ২২ পয়েন্টের ব্যবধানই বাংলাদেশের বাছাইপর্ব না খেলার সম্ভাবনায় হাওয়া দিচ্ছে। বোর্ড সভাপতির ভাষায়, ‘৯ নম্বর দলের সঙ্গে আমাদের পার্থক্য অনেক বেশি। ২০১৭-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের খুব বেশি সিরিজ নেই। সব হারলেও ১৮ পয়েন্টের বেশি যাওয়ার কথা নয়। কিন্তু আমরা হারব কেন? ইনশা আল্লাহ জিতব।’
আইসিসির সভার আগে র্যা ঙ্কিং কাগজপত্র হাতে পেয়ে নাজমুল হাসান ভেবেছিলেন কোথাও কোনো একটা ভুল হচ্ছে। বাংলাদেশ তো ৭ নম্বরে, পাঁচে কীভাবে এল! কিন্তু সভায় আইসিসির সিইও যখন বলেন বাংলাদেশ আছে পঞ্চম অবস্থানে, তখন বিভ্রম কাটে। তারপরও বিসিবি সভাপতির কথা কাল কিছুটা হলেও বিভ্রান্তি সৃষ্টি করেছিল। নতুন করে কিছু না খেলে বাংলাদেশ কীভাবে সাত থেকে পাঁচে উঠে যাচ্ছে? ই-মেইলে যোগাযোগ করা হলে বিষয়টি পরিষ্কার করেন আইসিসির মিডিয়া প্রধান সামিউল হাসান। ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমের ফলাফলের ভিত্তিতে হবে বলে ২ মের র্যা ঙ্কিংয়ে বাংলাদেশ থাকবে ৭ নম্বরেই। তবে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমের পারফরম্যান্স অনুযায়ী পঞ্চম। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সৌজন্যে ২০১৫-১৬ মৌসুমে বলতে গেলে পুরো পয়েন্টই যে পেয়েছে মাশরাফি বিন মুর্তজার দল! ২০১৭-এর ৩০ সেপ্টেম্বরের আগের র্যা ঙ্কিংয়ের হিসাবে এই দুই মৌসুমের পয়েন্ট থেকে নেওয়া হবে ৫০ শতাংশ করে। ১০০ শতাংশ নেওয়া হবে ২০১৬-১৭ মৌসুমের পয়েন্ট থেকে।
বিসিবি সভাপতি সে কারণেই পঞ্চম অবস্থান অর্জনের চেয়ে এটা ধরে রাখার ওপর জোর দিলেন বেশি, ‘এখন মূল চ্যালেঞ্জ এটা ধরে রাখা। আশা করি, যে ধরনের ক্রিকেট আমরা খেলছি, সেটা সামনেও খেলে যাব।’
অন্য এক প্রশ্নের জবাবে অক্টোবরে ইংল্যান্ড সিরিজের পর তিন বা চার জাতি টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন নাজমুল হাসান। ওয়ানডে, টি-টোয়েন্টির পাশাপাশি জোর দিয়েছেন টেস্টের পারফরম্যান্সে উন্নতি আনার ব্যাপারেও।
যে র্যা ঙ্কিং প্রকাশিত হবে না