বাংলাদেশ ৫ : ০ পাকিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বিপক্ষে এই মুহূর্তে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ছবি: প্রথম আলো
পাকিস্তানের বিপক্ষে এই মুহূর্তে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ছবি: প্রথম আলো

বাংলাদেশের বিপক্ষে আজ পাকিস্তানের হারানোর কিছু নেই—মাত্র এক বছরের ব্যবধানেই কেমন ভোজবাজির মতো পাল্টে গেল পুরো পরিস্থিতিটা। নর্দাম্পটনে ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ের পর টানা ১৫ বছর পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এই ১৫ বছরে এই দুই দল কতগুলো ম্যাচে মাঠে নেমেছে জানেন? ৪০টি! টানা ৪০ হারের পর বাংলাদেশ যে-ই জিততে শুরু করল, জয়টাও দেখা দিল একেবারে সহজপ্রাপ্য হয়ে।


টানা খরা শেষে গত বছর এপ্রিলে সিরিজের প্রথম ওয়ানডেতে জয় তুলে নিল বাংলাদেশ। ফুরাল ১৫ বছরের প্রতীক্ষা। ৭৯ রানের রাজকীয় সেই জয়ের পরই সবকিছুই যেন বদলে গেল। সিরিজের পরের দুটি ওয়ানডে, এরপর একমাত্র টি-টোয়েন্টিটাও জিতল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ। একমাত্র টি-টোয়েন্টিতেও হার। যে ম্যাচ​ দিয়েই অভিষেক হয়েছিল মুস্তাফিজের।

সেখানেই থামল না বাংলাদেশ। গত এশিয়া কাপেও পাকিস্তানকে হারিয়ে নিশ্চিত করল ফাইনাল। মাঝখানে টেস্টে সিরিজ বাদ দিলে রঙিন পোশাকে পা​কিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড তো রীতিমতো রং–ঝলমলে। টানা পাঁচ ম্যাচে জিতেছে বাংলাদেশ। তিনটি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি। ইডেনে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে, তখন সাম্প্রতিক জয়-পরাজয়ের পাল্লাটা ভীষণভাবেই ঝুঁকে আছে বাংলাদেশের দিকে।

ব্যাপারটা নাকি রীতিমতো চাপেই ফেলে দিয়েছে বাংলাদেশকে—প্রথম আলোয় নিজের কলামে এমন মন্তব্যই করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন। যেহেতু পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক কালে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ৫টি ম্যাচ জিতেছে, তাই আজ কলকাতার মাঠে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর প্রত্যাশার চাপ থাকবে আকাশছোঁয়াই। তবে কি বাংলাদেশই ফেবারিট আজ!

একটা সময় পাকিস্তানের বিপক্ষে ‘হারানোর কিছু নেই’ আপ্তবাক্য আওড়েই মাঠে নামত বাংলাদেশ। ১৯৮৬ সালে শ্রীলঙ্কার এশিয়া কাপে এমন কথা বুকে ধারণ করেই পাকিস্তানের বিপক্ষে ইতিহাসের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটিতে মাঠে নেমেছিল। নর্দাম্পটনের সেই ম্যাচেও ফুরফুরে মেজাজে খেলেই কিন্তু ইতিহাস গড়া জয়টি তুলে নিয়েছিল বাংলাদেশ। ১৫ বছরের ব্যবধানে সেই মহাশক্তিধর পাকিস্তানের সঙ্গেই বাংলাদেশের লড়াইটা একেবারেই সমানে সমান।

প্রত্যাশার চাপ? বড় দল হয়ে উঠলে এমন চাপ মাঝেমধ্যে ‘উপদ্রব’ হয়ে আসবেই!