বাংলাদেশই বদলে দিয়েছে কুকদের
দুই সপ্তাহের মধ্যে কত কিছু বদলে গেল। কে ভেবেছিল মিরপুরের সেই দুঃস্বপ্নের বিকেলকে রাজকোট এভাবে ভুলিয়ে দেবে ইংল্যান্ডকে? সিরিজ শুরুর আগে ইংল্যান্ড কত ব্যবধানে হারবে, সেটা নিয়েই কথা হচ্ছিল বেশি। আর প্রথম টেস্টে ভারতকে হারের কিনারায় ঠেলে ড্র করার পর তারা এখন সিরিজ জয়েরই স্বপ্ন আঁকছে চোখে। কোচ ট্রেভর বেলিস উচ্ছ্বসিত হয়ে বলেই ফেলেছেন, তাঁর অধীনে এটা ইংল্যান্ডের সেরা পারফরম্যান্স।
দুই সপ্তাহ আগে মিরপুরে এক সেশনেই অলআউট হয়ে টার্নিং উইকেটে স্পিনের বিপক্ষে নিজেদের পুরোনো দুর্বলতাটা একেবারে ‘হাঁ’ করে দিয়েছিল ইংল্যান্ড। ইংলিশ প্রচারমাধ্যম যেটিকে বলেছিল ‘বিপর্যয়’। আর এখন কুক আফসোস করছেন ভারতকে বাগে পেয়েও জয়টা ফসকে যাওয়ায়, ‘সম্ভবত সবার কাছে প্রমাণ করেছি আমরাও খেলতে জানি। আমি আগেই বলেছিলাম আমাদের খুবই প্রতিভাবান কিছু খেলোয়াড় আছে। যেমন বেন স্টোকস, মঈন আলী, আর জো রুট তো বিশ্বমানের। টস জেতাটা দারুণ ছিল, রানও পেয়েছি। তবে ভিন্ন ধরনের উইকেটে ৫৩০ করার মধ্যে আমাদের শক্তিটা দেখা গেছে। আমরা অনেক কিছুই খুব ভালো করেছি, শুধু তুলিতে শেষ টানটা দিতে পারিনি।’
বাংলাদেশের মাটিতে দুই টেস্টের অভিজ্ঞতাটাই কাজে লাগিয়েছেন কুকরা, ‘বাংলাদেশের বিপক্ষে খেলার পরই বলেছি, এ ধরনের উইকেটে আমাদের অন্যভাবে ধাতস্থ হতে হবে। এ ধরনের উইকেটে বল ঘুরতে একটু সময় নেয়, এটা অনেক ফ্ল্যাটও ছিল। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে অনেক রান করতে পারব।’
তবে কুক যেটা বলেননি, বলেছেন বেলিস, একটু বাড়িয়েই। ২০১৫ অ্যাশেজের ঠিক আগে দায়িত্ব নিয়ে দুর্দান্ত কিছু জয় এনে দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য এজবাস্টন, ট্রেন্ট ব্রিজের জয়। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে জয়টাও স্মরণযোগ্য। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে টেস্ট জয় তো আছেই। কিন্তু ড্র করেও এই ম্যাচটাই সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন বেলিস, ‘জয়, পরাজয় বা ড্র হোক, আমার মনে হয় আমি দায়িত্ব নেওয়ার পর এটা আমার দেখা সেরা পারফরম্যান্স।’ তবে বেলিস জানেন সামনের তিন টেস্টে আরও বেশি কাঁটা অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য, ‘এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, পরের চার টেস্টে আরও বেশি কঠিন অভিজ্ঞতা হতে পারে। কিন্তু আমরা এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমাদের জেতার সম্ভাবনাও বেড়ে যাবে।’
পরশু থেকে শুরু বিশাখাপত্তনমে তাই চাঙা হয়েই নামবেন কুকরা। এএফপি, ক্রিকইনফো।