বাংলাদেশই বাটলারের ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাটলার
বাটলার

আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর কাটিয়ে দিলেন বাটলার। তবু আজ যখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে পা রাখবেন, একটু হলেও বুক কাঁপতে পারে তাঁর, বাড়তি একটু উত্তেজনা হওয়াও স্বাভাবিক! এ মাঠেই আজ অভিষেক হচ্ছে অধিনায়ক বাটলারের। নিয়মিত অধিনায়ক এউইন মরগান না আসায় দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ কাজে লাগাতে তৈরি বাটলার।
অধিনায়ক হিসেবে কেমন করলেন বাটলার, সেটা বোঝা যাবে ১২ অক্টোবর চট্টগ্রামের তৃতীয় ওয়ানডের পর। এর আগ পর্যন্ত নতুন দায়িত্বটা উপভোগই করতে চান এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘দলকে নেতৃত্ব দেওয়া এবং অধিনায়ক হিসেবে মাঠে নামতে পারা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। আমি চ্যালেঞ্জ দিতে ভালোবাসি। আশা করি, দলকে সিরিজ জেতাতে পারব।’
সিরিজ জেতার প্রশ্নে ইংল্যান্ডের প্রথম বাধা অবশ্যই বিরুদ্ধ কন্ডিশন। বাংলাদেশের গরমের সঙ্গে মানিয়ে নিতে এখনো কষ্টই হচ্ছে ইংল্যান্ড দলের। সে চেষ্টায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সূর্যের তাপে ফিল্ডিং করেছে সফরকারীরা। মূল সিরিজে সে অভিজ্ঞতা কাজে লাগাতে চান অধিনায়ক, ‘এখানে এসে খুব বেশি সময় পাইনি। তবে আস্তে আস্তে সব সয়ে যাবে। এই কন্ডিশনে দিনের বেলায় গরমে ফিল্ডিং করার অভিজ্ঞতা কাজে লাগবে। আমরা প্রস্তুত। আর দিবারাত্রির ম্যাচে ব্যাপারটা আরও সহনীয় হয়ে যাবে।’
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ইংল্যান্ড মানেই যেন ব্যাটিংয়ে তিন শ রানের নিশ্চয়তা। তবে বাংলাদেশের পিচে রান কত হতে পারে বা কত স্কোর নিরাপদ, সেটা বুঝতে পারছেন না ইংলিশ অধিনায়ক, ‘কত রান করতে হবে জানি না, কারণ পিচের ব্যাপারে ধারণা নেই। আমি পিচ দেখিনি এখনো। যে পিচই দেওয়া হোক, আমরা খেলতে প্রস্তুত। পিচ এখনো পর্যন্ত ভালোই পেয়েছি।’ তবে সংবাদ সম্মেলনের পর ঠিকই পিচ দেখতে গিয়েছেন বাটলার। বাংলাদেশের বোলিং তাঁর জানাই আছে বললেন, ‘আমরা সবার জন্যই প্রস্তুত থাকব। সে বাঁহাতি স্পিন হতে পারে, হতে পারে রিভার্স সুইং।’
বাংলাদেশে এসে প্রথম সংবাদ সম্মেলনেই স্বাগতিক দলকে ফেবারিট বলেছিলেন। কালও নিজেদের ‘আন্ডারডগ’ মেনে নিলেন বাটলার, ‘হ্যাঁ, বাংলাদেশই ফেবারিট। ঘরের মাঠে অবশ্যই বাংলাদেশ অনেক শক্তিশালী। গত কিছুদিনে ওয়ানডে সিরিজগুলোতে বেশ সাফল্য পেয়েছে ওরা। এ সিরিজে আন্ডারডগ হতে আমাদের আপত্তি নেই। আমরা এতে মানিয়ে নেব।’