বাংলাদেশই সাঙ্গার 'কালো ঘোড়া'
দুই দিন আগে স্টুয়ার্ট ব্রড বলেছিলেন, ‘এই বাংলাদেশ বিপজ্জনক।’ চ্যাম্পিয়নস ট্রফিতে তাই বাকি দলগুলোকে পরামর্শ দিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে সতর্ক থাকার। ইংলিশ পেসারের এই প্রশংসাটা যে শুধু বলার জন্য বলা নয়, তা বোঝা যাবে কুমার সাঙ্গাকারার কথা শুনলেও। ২০১৫ বিশ্বকাপ থেকেই ওয়ানডেতে বদলে যাওয়া বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কান কিংবদন্তিও। শুধু তা-ই নয়, চ্যাম্পিয়নস ট্রফিতে আইসিসির শুভেচ্ছাদূত সাঙ্গাকারা এই টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’ও মনে করছেন বাংলাদেশকে।
সম্প্রতি আয়ারল্যান্ডে হয়ে যাওয়া ত্রিদেশীয় সিরিজের সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে দারুণ ছন্দে থাকা দলটাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতেও বেশ আশাবাদী সাঙ্গাকারা। আইসিসির ওয়েবসাইটে এক কলামে লিখেছেন, ‘বাংলাদেশই (চ্যাম্পিয়নস ট্রফিতে) আসল ডার্ক হর্স। তারা অনেক আশা ও প্রতিশ্রুতি নিয়ে এ টুর্নামেন্টে এসেছে। চন্ডিকা হাথুরুসিংহের অধীনে গত দুই বছরে ওরা দারুণ উন্নতি করেছে। হাথুরুসিংহেও সৌভাগ্যবান যে, সাফল্যের জন্য ক্ষুধার্ত একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় পেয়েছেন।’
আর এ কারণেই বাকি দলগুলোর জন্য বাংলাদেশকে হুমকি মনে করছেন সাঙ্গাকারা, ‘এই বাংলাদেশ দলটার দিকে তাকালে আপনি দেখবেন আত্মবিশ্বাস। দেখবেন, ওদের মধ্যে ম্যাচ সচেতনতা কতটা বেড়েছে। কীভাবে ম্যাচ জিততে হয়, এটা ওরা ভালোই শিখেছে। আর এটাই তাদের বিপজ্জনক এক প্রতিপক্ষ হিসেবে পরিণত করেছে। আমি জানি না তারা শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারবে কি না, কিন্তু অন্য দলগুলোর পথের কাঁটা হয়ে দাঁড়াবে, এটা নিশ্চিত।’ আইসিসি ক্রিকেট।