বাংলাদেশও খেলবে ডে-নাইট টেস্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
bখুব শিগগিরই রাতের আলোতে গোলাপি বলে খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। ফাইল​ ছবি
bখুব শিগগিরই রাতের আলোতে গোলাপি বলে খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। ফাইল​ ছবি

ফ্লাডলাইট, গোলাপি বল, সাদা পোশাকে ব্যাটে বলের লড়াই—আগামীকাল থেকে নতুন একটা অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। এই অধ্যায়ে যোগ দেওয়ার দিন ক্ষণ গোনা শুরু করতে পারে বাংলাদেশও। আগামী বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের যে সিরিজ খেলার কথা, তাতে অন্তত একটি টেস্ট হতে পারে ফ্লাডলাইটের আলোতে।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে শুরু হতে যাওয়া দিবারাত্রির টেস্ট দিয়ে আগামীকাল যাত্রা শুরু হচ্ছে দিবারাত্রির টেস্টের। এই ধারণাটিকে আরও এগিয়ে নিতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই ভাবনা থেকেই আসছে বাংলাদেশ সিরিজে দিবারাত্রির টেস্ট আয়োজন করার কথা। আর এ জন্য ডিসেম্বরকেই বছরের সবচেয়ে ভালো সময় মনে করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
তবে এ ব্যাপারে এখনো বাংলাদেশকে তারা এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়নি। তবে এনজেডসির প্রধান লিন্ডসে ক্রোকারের কথায় স্পষ্ট, বাংলাদেশের বিপক্ষে একটি দিবারাত্রির টেস্ট খেলতে তারা খুবই আগ্রহী, ‘আমাদের মনে হয় (দিবারাত্রির টেস্ট চালিয়ে যাওয়ার জন্য) ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে সিরিজটিই সবচেয়ে ভালো হবে।’ ডিসেম্বর থেকেই মূলত নিউজিল্যান্ডে গ্রীষ্ম শুরু হয়ে যায়। সেটি লক্ষ্য করেই ক্রোকার বললেন, ‘নভেম্বর একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাই ডিসেম্বর সিরিজটিতেই আমরা চেষ্টা করব (দিবারাত্রির টেস্ট আয়োজনের)।’
বাংলাদেশ সিরিজে দিবারাত্রির টেস্টকে সামনে রেখে এরই মধ্যে পরিকল্পনাও শুরু করে দিয়েছে এনজেডসি। দেশটির প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে আগামী ফেব্রুয়ারিতে কিছু ম্যাচ ফ্লাডলাইটের আলোতে করার কথা ভাবছে তারা। মূলত অকল্যান্ড, হ্যামিলটন ও নেপিয়ারের ম্যাচগুলোতে রাতের আলোতে আয়োজনের পরিকল্পনা করছে তারা। 

অ্যাডিলেডের কালকের টেস্টটি কেমন যায় তার ওপরই নির্ভর করছে সব কিছু। মূলত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাইরে টেস্ট নিয়ে আগ্রহ হু হু করে কমে যাচ্ছে দেখেই ডে-নাইট টেস্টের কথা ভাবছে দেশগুলো। তথ্যসূত্র: ক্রিকইনফো।