বাংলাদেশকে ইংল্যান্ডের ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা টেস্ট শেষ হয়েছে সেই রোববার। তিন দিনেই টেস্ট হয়ে যাওয়ায় বাংলাদেশ ছাড়তে ইংল্যান্ডকে একটু অপেক্ষাই করতে হলো। আজ দুপুরে ভারতে রওনা হয়েছে অ্যালিস্টার কুকের দল।
বাংলাদেশ সফরের নিরাপত্তাব্যবস্থায় দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছে ইংলিশ দল। গত এক মাসে ইংল্যান্ড দলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাকে কৃতজ্ঞতা জানিয়েছে তারা।
সফরটি সফলভাবে শেষ করতে পেরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ওয়েবসাইটের মাধ্যমে গোটা বাংলাদেশকেই ধন্যবাদ জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন। এই সফরে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাপনাকে ‘তাঁর ২০ বছরের কর্মজীবনের সম্ভবত সেরা’ বলেছেন তিনি, ‘বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাপনা ছিল অতুলনীয়। আমি গত ২০ বছর ধরে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সঙ্গে আছি। আমি এখানে বাংলাদেশ সরকারের যে ব্যবস্থাপনা দেখলাম, সেটি আমার দেখা সেরা।’

বাংলাদেশ সফর উপভোগ করেছেন কুকরা। ছবি: রয়টার্স
বাংলাদেশ সফর উপভোগ করেছেন কুকরা। ছবি: রয়টার্স


ইংল্যান্ড দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে গিয়ে বাংলাদেশের মানুষের অনেক ভোগান্তি গেছে। বিশেষভাবে সেটিও উল্লেখ করেছেন ডিকাসন, ‘এটি বাংলাদেশের মানুষের ত্যাগ ছাড়া আর কিছুই নয়। আমরা খুব সম্ভবত তাদের অনেক সমস্যায় ফেলেছি। ব্যাপারটি নিয়ে অবশ্যই ইংল্যান্ড দল সচেতন। বাংলাদেশের মানুষের সংবেদনশীলতা স্মরণীয়।’
দুপুরে হোটেল ত্যাগের সময় ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমরা এই সফরটি দারুণ উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ অসাধারণ আতিথেতার জন্য! সফরে সবকিছু ঠিক ছিল, আমরা এই দেশে দারুণ সময় কাটিয়েছি।’