বাংলাদেশকে এগিয়ে রাখলেন রমিজ
ওয়ানডেতে হোয়াইটওয়াশ এবং একমাত্র টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে হারানোর পর আনন্দে ভাসছে পুরো বাংলাদেশ। এর উল্টো ছবি পাকিস্তানে। সাবেক পাকিস্তানি খেলোয়াড়দের কেউ লজ্জায় মাথা নিচু করছেন, কেউ অভিযোগের আঙুল তুলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের দিকে, কেউবা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন খেলোয়াড়দের।
৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পরই পাকিস্তান ক্রিকেট তলানিতে চলে গেছে বলে মন্তব্য করেছিলেন জাভেদ মিয়াদাঁদ। এবার তাঁর সঙ্গে সুর মেলালেন রমিজ রাজাও। সাবেক এই পাকিস্তানি ব্যাটসম্যানের মতে, পাকিস্তান ক্রিকেট এখন আর আগের মতো প্রতিভার জন্ম দিতে পারছে না। যাঁরা একটু-আধটু প্রতিভাবান, তাঁদেরও ঠিকঠাক ব্যবহার করা যাচ্ছে না।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একতরফা জয়ের কারণে টেস্ট সিরিজেও বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে থাকবে বলে মনে করেন রমিজ, ‘ওরা একটুও ছাড় দেবে না। কারণ, এখানেও ওদের ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। পাকিস্তানের জন্য এটা সত্যিকারের এক চ্যালেঞ্জ।’ ক্রিকইনফো।