বাংলাদেশকে জরিমানা, হাসান আলীকে তিরস্কার

প্রথম ম্যাচে স্লো ওভাররেটের মাশুল দিল বাংলাদেশছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে। গতকালের ম্যাচে ম্যাচসেরা ক্রিকেটার হাসান আলীকে আচরণবিধি ভাঙায় তিরস্কার করেছে আইসিসি।

পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

ঘটনাটি ঘটে বাংলাদেশ ইনিংসের ১৭তম ওভারের। বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানকে আউট করার পর ড্রেসিংরুমের পথ দেখানোর অঙ্গভঙ্গি করেন হাসান, যা আবার আইসিসির আচরণবিধি অনুযায়ী লেভেল-১–এর অপরাধ।

ম্যাচসেরা হাসান আলীকে তিরষ্কার করেছে আইসিসি
ছবি: এএফপি

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী, মাঠে কোনো খেলোয়াড়ের আগ্রাসী মনোভাব দেখানো যাবে না। এ অপরাধের কারণে হাসানকে তিরস্কার করেছে আইসিসি এবং দিয়েছে একটি ডিমেরিট। গত ২৪ মাসের মধ্যে এটিই হাসানের প্রথম ডিমেরিট।

ওদিকে বাংলাদেশ দল ম্যাচের দ্বিতীয় ইনিংসে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছে। যে কারণে অধিনায়কসহ দলের সব খেলোয়াড়কে তাঁদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। হাসান আলী ও বাংলাদেশ দল—দুই পক্ষই নিজেদের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

প্রথম ম্যাচের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ এ বিষয়ে অভিযোগ করেন। আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ বিষয়টি আমলে নিয়ে শাস্তি দেন।