
অসাধারণ একটা জয় পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন। সম্ভবত তাদের ক্রিকেট ইতিহাসেরই সেরা মুহূর্ত এটি। ১৫ বছর আগে বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছিল। তারা যে উন্নতি করেছে, সেটার প্রমাণ এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা। ইংল্যান্ডকে ওরা যেভাবে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল, এককথায় দুর্দান্ত। পুরো দেশকে তারা কতটা আনন্দে ভাসিয়েছে, সেটা আমি বুঝতে পারছি।
ক্রিকেট বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ একটা জায়গা করে আছে। আমি এই দলের সাফল্য নিয়ে খুবই আনন্দিত। ওদের চ্যালেঞ্জটা অনেক বড় ছিল। সবার চেষ্টাতেই এই অসাধারণ জয়টা এসেছে। ব্যাটসম্যান ও বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করেছে। নকআউট পর্বের জায়গাটা বাংলাদেশের প্রাপ্যই ছিল।
আমার কাছে রুবেল হোসেনই পরশুর ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ। যখন দরকার ছিল, গতি দিয়ে সে এলোমেলো করে দিয়েছে ইংলিশদের। তাকে খেলা কঠিন, কারণ সে টানা ১৪০ কিলোমিটারের ওপরে বল করে যায়। যে দুই বলে উইকেটগুলো পেয়েছে, দুটিই ছিল দুর্দান্ত। ফাস্ট বোলারদের জন্য বাউন্সারের চেয়ে ইয়র্কারই ব্যবধান গড়ে দেওয়ার উপযুক্ত অস্ত্র। রুবেল মোক্ষমভাবেই সেটি কাজে লাগিয়েছে।
মাহমুদউল্লাহর শত রানটা খুব অসাধারণ কিছু নয়, কিন্তু পরিস্থিতির বিচারে এটা ছিল দারুণ কার্যকরী। তবে বাংলাদেশকে ম্যাচে রেখেছে মুশফিকুর রহিম। দারুণ একটা ইনিংস খেলে ম্যাচের গতিপথটা নির্ধারণ করে দিয়েছে সে-ই। ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে পেশাদারির অভাব ছিল। এই মনোভাব বদলাতে হবে। বাংলাদেশ দলকে টুপি খুলে অভিনন্দন জানাই। ইংল্যান্ডের মতো একটা দলকে হারিয়ে দলটা বুঝিয়ে দিয়েছে, তারা পুরোনো সময়টা পেছনে ফেলে এসেছে। কাল ভারতের সঙ্গে ম্যাচ থেকে আয়ারল্যান্ড বড় একটা শিক্ষা পেয়েছে। টুর্নামেন্ট ভালোভাবে শুরু করেও তারা তুলিতে শেষ টানটুকু দিতে পারছে না। তবে ভারতেরও কিছু শিক্ষা নেওয়ার ছিল। ভারতের ফাস্ট বোলাররা বুঝতে পেরেছে বোলিং মানেই গায়ের জোরে বল করা নয়। সব উইকেট এক ধরনের হয় না, কন্ডিশন অনুযায়ী আলাদা হবেই।
সবচেয়ে ভালো লেগেছে মহেন্দ্র সিং ধোনির সুরেশ রায়নাকে বোলার হিসেবে ব্যবহার করা। রবীন্দ্র জাদেজার সঙ্গে সেও একজন ভালো বিকল্প হতে পারে। আমি তো জাদেজাকে ব্যাটিংয়ে আরও বড় ভূমিকায় দেখতে চাই। এই দলে কিন্তু সে অলরাউন্ডার হিসেবেই এসেছে।
ধোনি স্পিনারদেরও ভালোভাবে কাজে লাগিয়েছে। অশ্বিনের দুঃসময়ে ধোনি পাশে ছিল, এখন অশ্বিন দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। আমি অশ্বিনের আগ্রাসনটা পছন্দ করি। ১৯৮৫ সালে ভারত এই অস্ট্রেলিয়াতেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিল এবং সেবার বোলাররাই কিন্তু পথ দেখিয়েছিল। ব্যাটসম্যানরা যখন বুঝল তাদের ওপর বড় স্কোর গড়ার বাড়তি চাপ নেই, তারা আরও নির্ভার হয়ে খেলতে পারল।
ধোনিকে দেখে মনে হচ্ছে দলের ওপর ওর পুরো নিয়ন্ত্রণ আছে। আগেও যে ছিল না তা নয়, কিন্তু এখন দলের সঙ্গে তাকে আরও বেশি একাত্ম মনে হচ্ছে। সব সময়ই সে বোলারদের সঙ্গে কথা বলছে, আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে ওদের আত্মবিশ্বাসী করছে। সে জানে, এই দল খুব পরিণত নয়, ওদের দিকনির্দেশনা দরকার।
ওপেনাররাও ভালোই করছে। শিখর ধাওয়ান টুর্নামেন্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছে, রোহিত শর্মাও রানে ফিরছে। রায়না ও জাদেজারও ব্যাট হাতে অবদান রাখার সময় হয়েছে। ওদের এই ম্যাচে একটু আগে পাঠানো যেত। আর আয়ারল্যান্ড এমন শুরুর পর ৩০০ রান করবে বলেই মনে হচ্ছিল। কিন্তু কেভিন ও’ব্রায়েন আউট হয়ে যাওয়ায় সেটা হয়নি।