মাউন্ট মঙ্গানুই টেস্টে জয় থেকে বাংলাদেশ তখনো ৬ রানের দূরত্বে। এরই মধ্যে সাকিব আল হাসানের টুইট, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কী দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন।’
আসলে মাউন্ট মঙ্গানুইয়ে জয় এতটাই নিশ্চিত ছিল, সাকিবের আগেভাগে টুইট করাকে মোটেও বাড়াবাড়ি মনে হয় না।
বরং নিউজিল্যান্ডের মাঠে টেস্টের শেষ চার দিনে বাংলাদেশ যেভাবে ছড়ি ঘুরিয়েছে, সাকিবের টুইটটি যেন তারই প্রতিচ্ছবি, জয় এতটাই নিশ্চিত যে আগেভাগে অভিনন্দন জানানোই যায়।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের এই জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা, ক্রিকেট–বিশ্বকে চমকে দেওয়া এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম। ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের টুইট, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ৮ উইকেটের জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার এবং অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত এ জয় স্মরণীয় থাকবে অনেক দিন।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকলে ভন অভিনন্দন জানিয়ে টুইট করেন, ‘অসাধারণ বাংলাদেশ।’ পঞ্চম দিনের খেলা শুরুতে নিউজিল্যান্ডের উইকেট টুপটাপ করে পড়ার সময়ই বাংলাদেশের জয়ের সুবাস পেয়েছিলেন ভন।
তখন টুইট করেন, ‘নিউজিল্যান্ডে অবিশ্বাস্য পারফর্ম করছে বাংলাদেশ। জিততে পারলে নিশ্চিতভাবেই এটা হবে অন্যতম সেরা জয়।’
নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। চোটের কারণে জাতীয় দলের সঙ্গে নেই তামিম ইকবালও। তবে ভোরে উঠে খেলা যে দেখছেন, তা জানিয়ে দেন ফেসবুক পোস্টে, ‘ঢাকায় এখন প্রায় ৪টা। আশা করি সবাই খেলা দেখবেন।’
ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফরের টুইট, 'খেলাধুলায় আন্ডারডগ দলের চেয়ে প্রেরণাময় কিছু কমই আছে। বাংলাদেশ দলের জন্য দারুণ মুহূর্ত। টুপি খোলা অভিনন্দন।' অস্ট্রেলিয়ার সাবেক পেসার জ্যাসন গিলেস্পির টুইট, ‘অসাধারণ নৈপূণ্য।’
শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্মের টুইট, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। ভালো খেলেছ।’ নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন টুইট করেন, ‘মনে রাখার মতো দিন। বাংলাদেশের জন্য জাদুকরি মুহূর্ত। দারুণ পারফরম্যান্স।’