বাংলাদেশকে তবু সমীহই করছেন ব্রড

১৪ মাস পর টেস্টে ফিরছে বাংলাদেশ। অথচ এই সময়ে ইংল্যান্ড খেলে ফেলেছে ১৬ টেস্ট। দীর্ঘ সময় পর ক্রিকেটের সর্বোচ্চ সংস্করণে ফিরছে বাংলাদেশ শুনে বেশ অবাকই হয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।
সময়টা দুর্দান্ত যাচ্ছে ব্রডের। এ বছর এখনো পর্যন্ত ১০ টেস্টে ৩৮ উইকেট নিয়ে আছেন রবিচন্দ্রন অশ্বিনের পরই। দীর্ঘ বিরতিতে টেস্টে ফেরা বাংলাদেশের জন্য সিরিজটা কঠিন করে তুলতে চান ইংল্যান্ড দলের অন্যতম পেস ভরসা, ‘বাংলাদেশ অনেক দিন টেস্ট খেলছে না শুনে আমি বেশ অবাক। তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম বল থেকেই তাদের চেপে ধরা। দীর্ঘদিন পর সাদা বল থেকে লাল বলে খেলতে এসে পুরো সেশন কিংবা পুরো দিন ধৈর্যের সঙ্গে ব্যাটিং করার সামর্থ্য থাকতে হবে। ব্যাটসম্যানদের জন্য শুরুর ২০ রান কঠিন করে তুলতে হবে বোলারদের। বাউন্ডারি মারতে পারে, এমন বল দেওয়া যাবে না। আমরা জানি, বড় সিরিজে শুরুটা ভালো করা জরুরি।’
ব্রড বাংলাদেশে এসেছেন তৃতীয় ওয়ানডের আগেই। মাঝের সময়টা তাঁর কেটেছে নেটে বোলিং করে। কালই প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন ৯৮ টেস্টে ৩৫৮ উইকেট নেওয়া এই ইংলিশ পেসার।
এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বোলিংটা খুব একটা ভালো হয়নি ব্রডের। ৪ ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য। কাল খেলা হলেও পুরোপুরি তৈরি ছিল না আউটফিল্ড। ব্রড মনে করেন, মাঠের কারণেই ইংলিশ পেসাররা ভালো করতে পারেননি, ‘এটা একটা ফুটবলের মাঠ হওয়ায় আউটফিল্ড ক্রিকেটের জন্য উপযুক্ত ছিল না। কর্দমাক্ত, বালিতে ভরা মাঠ। আমরা ভেবেছিলাম, ৪৫ ওভারই স্পিনারদের দিয়ে করাব। পেসাররা কোনো ঝুঁকি নেবে না। রানআপের জায়গাটা ভেজা ছিল। তবু পেসাররা কিছু ওভার করেছে।’
ওয়ানডে সিরিজে ব্রড খেলেননি, তবে জানেন ওয়ানডেতে বাংলাদেশ বেশ শক্তিশালী। ৩০ বছর বয়সী এই ইংলিশ পেসার তাই টেস্টেও বাংলাদেশকে হালকা করে নিচ্ছেন না, ‘আমরা জানি, বাংলাদেশ কতটা ভয়ংকর। এই দলটির অসাধারণ কিছু খেলোয়াড় আছে, যাদের সাদা ও লাল বলে ভালো রেকর্ড আছে। যেকোনো সেশন কিংবা যেকোনো মুহূর্তে আপনার মুঠো থেকে তারা ম্যাচ বের করে নিতে পারে। প্রথম টেস্টের আগে আমরা তাদের নিয়ে আরও গবেষণা করব।’