বাংলাদেশকে ধাওয়া করে চলেছে আফগানিস্তান

রহমত শাহর ৯৪ রান তাঁকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কারছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে জিম্বাবুয়ে গেছে আফগানিস্তান। ওই দুই দেশের ক্রিকেটপ্রেমী আর ক্রিকেটেই বসবাস করা মানুষ ছাড়া কারও এই সিরিজ নিয়ে তেমন আগ্রহ থাকার কথা নয়। তবে এখন যা অবস্থা, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ আর ইংল্যান্ডকেও এই সিরিজের দিকে চোখ রাখতে হচ্ছে।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কাল জিম্বাবুয়েকে ৬০ রানে হারিয়েছে আফগানিস্তান। শক্তির বিবেচনায় এখন আফগানিস্তানই জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে বলে ফলটা কারও কাছে চমক হয়ে আসার কথা নয়। কিন্তু এতেই নড়েচড়ে বসতে হচ্ছে বাংলাদেশ আর ইংল্যান্ডকে।

এই জয়ে যে আইসিসির বিশ্বকাপের ‘বাছাইপর্ব’ হিসেবে আয়োজিত ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ, দুইয়ে ইংল্যান্ড।

আরও পড়ুন
গতকালের ম্যাচের পর সুপার লিগের পয়েন্ট তালিকা
ছবি: আইসিসি

বাংলাদেশের চেয়ে এখনো ৪০ পয়েন্ট পিছিয়ে আফগানরা। অর্থাৎ জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশকে পেরিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না রশিদ খানদের। তবে দুইয়ে থাকা ইংল্যান্ডকে পেরিয়ে যাওয়া সম্ভব। ইংল্যান্ডের পয়েন্ট ৯৫, আফগানিস্তানের ৮০। সুপার লিগে প্রতি ম্যাচে জয়ের বিপরীতে একটা দল ১০ পয়েন্ট করে পায়।

তবে আফগানিস্তানের পয়েন্ট পাওয়ার হারই বাংলাদেশ আর ইংল্যান্ডকে স্থানচ্যুত হওয়ার শঙ্কায় রাখবে। আফগানিস্তান ৮০ পয়েন্ট পেয়ে গেছে ১০ ম্যাচ খেলেই। অর্থাৎ ম্যাচপ্রতি পয়েন্ট পাওয়ার হার ৮০ শতাংশ। সুপার লিগে ১৩ দলের মধ্যে আফগানদের চেয়ে ম্যাচপ্রতি পয়েন্ট পাওয়ার হারে এগিয়ে শুধু নিউজিল্যান্ড (৬ ম্যাচে ৬০ পয়েন্ট!)

অবশ্য সুপার লিগে আফগানিস্তানের যাত্রাপথে তাকিয়ে কিছুটা স্বস্তি খুঁজে নিতে পারেন বাংলাদেশ ও ইংল্যান্ডের সমর্থকেরা। এখন পর্যন্ত যে ১০ ম্যাচ খেলেছে আফগানরা, তার ৬টিই ছিল ‘পুঁচকে’ আয়ারল্যান্ড আর নেদারল্যান্ডসের সঙ্গে। সেখানে তিন ওয়ানডের সিরিজ দুটিতেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান।

আরও পড়ুন
অর্ধশতকের পর ব্যাট উঁচিয়ে ধরেছেন শহীদি
ছবি: এএফপি

এরপর বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে হারলেও একটা ম্যাচ জিতেছে (২-১), সেখান থেকে প্রাপ্তি ১০ পয়েন্ট। আর কাল জিম্বাবুয়ের বিপক্ষে পেয়েছে ১০ পয়েন্ট।

সামনের পথটা অবশ্য বেশ কঠিন আফগানদের। সুপার লিগে একটা দল ৩ ম্যাচের ৮টি সিরিজ খেলে, অর্থাৎ সব মিলিয়ে ২৪ ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে আফগানিস্তানের ম্যাচ বাকি থাকবে ১২টি। সেই চারটি সিরিজ কার বিপক্ষে? শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও অস্ট্রেলিয়া! সে হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ থেকেও সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট তুলে নিতে চাইবে আফগানিস্তান। তাতে যে তাদেরও ১০০ পয়েন্ট হয়ে যাবে।

তা পরেরটা পরের বিবেচনা। আপাতত গতকালের অনায়াস জয়ে তৃপ্ত হতে পারেন আফগানরা। টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। তিনে নামা রহমত শাহর ১২০ বলে ৯৪ আর চারে নামা অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির ১০৪ বলে ৮৮ রানের সৌজন্যে আফগানিস্তান ৫০ ওভার শেষ করেছে ৫ উইকেটে ২৭৬ রান নিয়ে।

আরও পড়ুন
শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন রশিদ খান
ছবি: এএফপি

সে পথে তৃতীয় উইকেটে রহমত-শহীদির ১৮১ রানের জুটির বড় অবদান, তবে তাঁরা দুজন রান তুলেছেন অনেক ধীরগতিতে। শেষ দিকে রশিদ খানের ১৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রানই বরং আফগান ইনিংসে গতি বাড়িয়েছে। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৯ ওভারে ৫২ রানে নিয়েছেন ৪ উইকেট।

২৭৭ রানের লক্ষ্যে জিম্বাবুয়ের সিকান্দার রাজা (৭৮ বলে ৬৭) ছাড়া আর কেউই তেমন রান পাননি। উদ্বোধনী ব্যাটসম্যান ইনোসেন্ট কাইয়া আর অধিনায়ক আরভিন ছাড়া কেউ ৩০-এর ঘরেই যেতে পারেননি। আরভিন তবু ৩০ রান করেছেন ৪০ বলে, কাইয়া ৩৯ রান করতে খেলেছেন ৭৮ বলে!

আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ১০ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন, রশিদ খান ১০ ওভারে ২ উইকেট নিয়েছেন ৩৯ রানের বিনিময়ে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আলো ছড়ানো বাঁহাতি পেসার ফজল হক ফারুকি ৯ ওভারে ৪১ রানে নিয়েছেন ২ উইকেট।

হারারেতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে কাল বাংলাদেশ সময় বেলা ১টা ১৫ মিনিট থেকে শুরু।

আরও পড়ুন