বাংলাদেশকে পেল কুয়েত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো এশিয়ান গেমস ক্রিকেটে খেলতে এসেছিল মালদ্বীপ দল। আর প্রথম ম্যাচেই কি না তারা বরণ করল এমন দুর্ভাগ্য!
কাল সকালে ইওনহি ক্রিকেট মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে কুয়েতের সঙ্গে খেলা ছিল মালদ্বীপের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের একটি বলও মাঠে গড়াল না। গেমসের বাইলজ অনুযায়ী তাই টসেই নির্ধারণ হলো ভাগ্য। আর মুদ্রানিক্ষেপে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে কুয়েত দল, আর মালদ্বীপ একটি মাত্র ম্যাচ খেলেই (নেপালের কাছে হার) বিদায় নিল ইনচন থেকে। আগামীকাল একই মাঠে প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা কুয়েতের।
তবে কাল সারা দিনই যেভাবে টিপটিপ বৃষ্টি ঝরল ইনচনে, তাতে কোয়ার্টার ফাইনালেও টসেই ভাগ্য নির্ধারিত হয় কি না কে জানে! সে ক্ষেত্রে দুর্ভাগ্যের হাতে পড়ার দুশ্চিন্তা থাকবে বাংলাদেশ দলেরও।
কাল দিনের অন্য ম্যাচটি অবশ্য হয়েছে। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে চীনকে ৬ রানে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে দক্ষিণ কোরিয়াও। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৮৮ রান করেছিল স্বাগতিকেরা। জবাবে ৭ উইকেটে ৮২ রান তুলতে পেরেছে চীনারা।