বাংলাদেশকে পেলেই কী যেন হয় পেরেরার!

নামেন কখনো সাতে, কখনো আটে। কখনো ‘মিনি’ ব্যাটিং-ঝড় তুলে দলকে জয়ের প্রান্তে পৌঁছে দেন, কখনো ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে এনে দেন ভদ্রস্থ স্কোর—থিসারা পেরেরার সৌজন্যে বাংলাদেশের বিপক্ষে বেশ কিছু দুর্দান্ত জয় পেয়েছে শ্রীলঙ্কা। পেরেরার অতীতের পারফরম্যান্স বলছে, আজও মাশরাফিদের সঙ্গে ভয়ংকর হয়ে উঠতে পারেন ২৮ বছর বয়সী শ্রীলঙ্কা পেস বোলিং অলরাউন্ডার!
বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে দল যখন বিপদে বা সংকটে, সেই সময় যেন আরও চওড়া হয় তাঁর বুক! এমনই কিছু ইনিংস দেখে নিন—
৩৫*
২০১৪ সালের ভালোবাসা দিবসে চট্টগ্রামে বাংলাদেশকে বিষম যন্ত্রণাই উপহার দিয়েছিলেন পেরেরা। ২ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১২১ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। একটা সময় শ্রীলঙ্কার দরকার ছিল ১৮ বলে ২৩ রান, হাতে ৩ উইকেট। ২৮ বলে ৩৫ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচটা বের করে নিলেন পেরেরা।
৮০*
২০১৪ সালের ফেব্রুয়ারিতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৭ রানে ৮ উইকেট হারিয়ে থরথর কাঁপছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাতের সৌজন্যে ৫৭ বলে অপরাজিত ৮০ রান করে শ্রীলঙ্কাকে এনে দিলেন ১৮০ রানের লড়াইয়ের পুঁজি। বৃষ্টিবাধায় ম্যাচটি হয়েছিল ৪৩ ওভারের। বাংলাদেশ করতে পেরেছিল ১৬৭, হেরেছিল ১৩ রানে।
৫২
এই তো কদিন আগে ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে ২৮১ রানের কঠিন লক্ষ্য দিল শ্রীলঙ্কা। দারুণ শুরুর পরও ৪৩.৩ ওভারে ২১৬ রানে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কানদের যখন বড় স্কোর গড়া নিয়ে সংশয়, ৪০ বলে ৫২ রানের ঝলমলে এক ইনিংস খেলে পেরেরাই দলকে এনে দিলেন বড় স্কোর। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা হারল ৭০ রানে।
যে তিনটা ম্যাচের কথা বলো হলো প্রতিটিই শ্রীলঙ্কার জয়ের মূল নায়ক পেরেরা—শ্রীলঙ্কান অলরাউন্ডার প্লেয়ার অব দ্য ম্যাচ প্রতিটিতেই। ২৫ মার্চ ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা ৯০ রান হারলেও ৩৫ বলে ৫৫ রান করে পেরেরা তাঁর লড়াকু পরিচয়টা ঠিকই দিয়েছিলেন। বিপিএলে সর্বশেষ মৌসুমে খেলেছিলেন বরিশাল বুলসের হয়ে, তার আগে রংপুর রাইডার্সে। বাংলাদেশের খেলোয়াড়দের ভালো চেনা-জানার সুযোগটা পেরেরা যদি কাজে লাগাতে পারেন, একই সূত্র কাজে লাগিয়ে বাংলাদেশ কেন তাঁকে আটকাতে পারবে না?