বাংলাদেশকে ভোলেননি সিডন্স

কেলি বারলো: আই সি জেমি সিডন্স। বাট হোয়াট ডাজ ইট সে?
জেমি সিডন্স: ইজ ইট গুড অর ব্যাড ববি!
প্রথমজন বাংলাদেশ দলের সাবেক কোচ প্রয়াত এডি বারলোর স্ত্রী। দ্বিতীয়জন জেমি সিডন্স নিজেই। ১১ সেপ্টেম্বর প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘সিডন্সের হাতেই বদলানোর শুরু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সাবেক কোচদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হচ্ছিল কয়েক দিন ধরে। সিডন্সকে দিয়েই যার শেষ।
বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম (ববি) সিডন্সকে নিয়ে লেখা প্রতিবেদনটি তাঁর ফেসবুক পেজে শেয়ার করেন। সেটির নিচেই কেলি ও সিডন্সের ওই কৌতূহলী মন্তব্য। ছবি দেখে বুঝে নিয়েছেন, লেখার বিষয়বস্তু জেমি সিডন্স। কিন্তু বাংলা তো দুজনের কেউই পড়তে পারেন না!
বাংলা ভাষা না বুঝলেও সিডন্স বাংলাদেশকে বুঝতে পেরেছিলেন ভালোভাবেই। এ দেশের মানুষ, এ দেশের সংস্কৃতি সবকিছুর সঙ্গে তাঁর মতো একাত্ম হতে পেরেছেন কম বিদেশি কোচই। ২০০৭ অক্টোবর থেকে ২০১১ এপ্রিল পর্যন্ত ছিলেন বাংলাদেশে। পুরো সময়টাই উপভোগ করেছেন দারুণভাবে। ওই সময়েই বিয়ে করেছেন, প্রথম সন্তানের বাবা হয়েছেন। তাঁকে নিয়ে এত দিন পর বাংলাদেশের কোনো পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়েছে শুনে সিডন্স যেন ফিরে গেলেন সেসব দিনে!
বাংলাদেশের স্মৃতি রোমন্থন করে ফেসবুকে এই প্রতিবেদককে বিশাল বার্তা পাঠিয়েছেন সিডন্স। যার প্রতিটি শব্দ আবেগ আর স্মৃতিকাতরতায় মোড়ানো। যেদিন প্রথম আলোর অনলাইনে তাঁকে নিয়ে প্রতিবেদন ছাপা হলো, কাকতালীয়ভাবে সেদিন বাংলাদেশই ছিল তাঁর ভাবনায়, ‘কিম আর আমি বাংলাদেশে থাকার সময়কার ছবিগুলো দেখছিলাম। এখনো যদি কেউ আমাদের কাছে বাংলাদেশ নিয়ে জানতে চায়, আমরা তাদের বলি, কী অসাধারণ ছিল সেই সময়টা...ওখানে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি।’
বড় মেয়ে স্টেলার জন্ম বাংলাদেশে। চলে যাওয়ার সময়ও তার বয়স এতই কম ছিল যে, বাংলাদেশ সম্পর্কে কিছুই মনে নেই। তবে বাংলাদেশ নিয়ে স্টেলারও আছে প্রবল আগ্রহ। বাবার কাছে প্রায়ই জানতে চায়, দেশটা কেমন ছিল। সিডন্স তখন মেয়েকে বাংলাদেশের গল্প শোনান।
হাজারো সমস্যায় ভরা ছোট্ট এই দেশটার প্রতি সিডন্সের এত মমতার বড় কারণ বাংলাদেশের মানুষের ভালোবাসা। সাবেক কোচের স্মৃতিচারণা, ‘আমার সঙ্গে সবার বন্ধুত্বপূর্ণ আচরণটাই বেশি ভালো লাগত। যখন রাস্তায় হাঁটতাম, সাধারণ মানুষও আমাকে চিনত। জানত, আমি কে। আমার নাম ধরে ডেকে বলত, বাংলাদেশ দল কতটা ভালো বা খারাপ খেলছে। আমিও ওদের মতকে গুরুত্ব দিতাম।’
ঢাকায় সিডন্সের বাসা ছিল গুলশানে। সেখানকার রাস্তায় আর বিভিন্ন মার্কেটে হেঁটে বেড়ানো খুব পছন্দ ছিল তাঁর। এক দিনের ঘটনা মনে করে তো এখনো মজা পান, ‘রাস্তায় ছোট শিশুরা আমার পিছু নিত। আমি ওদের আম, কলা বা অন্য কোনো ফল কিনে দিতাম। একদিন ফলের পরিবর্তে দিলাম এক বাক্স আইসক্রিম। কিন্তু ওরা আইসক্রিমের বাক্সটা ছুড়ে ফেলে দিল। তাদের ফলই চাই। বাচ্চাদের কাণ্ড দেখে আমরা সবাই তো হাসতে হাসতে শেষ।’
পথশিশুদের মতো ঢাকার ‘পথক্রিকেট’ও খুব টানত সিডন্সকে। একবার তো পুরান ঢাকার ধূপখোলা মাঠে শিশু-কিশোরদের সঙ্গে নিজেই নেমে পড়েছিলেন খেলতে! স্মৃতিচারণায় এসেছে সেসবও, ‘পার্কে-রাস্তায় সবখানে ছেলেদের ক্রিকেট খেলতে দেখতাম। ওদের খেলা দেখে খুব মজা পেতাম।’
দল ভালো করছিল, সপরিবারে বাংলাদেশে থাকাটাও উপভোগ করছিলেন। সিডন্স তাই চেয়েছিলেন, আরও কিছুদিন থেকে যেতে। কিন্তু বিসিবি চাইল পরিবর্তন। সিডন্সকে খুঁজতে হলো নতুন চাকরি। বাংলাদেশ থেকে গিয়ে দায়িত্ব নিলেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল ওয়েলিংটন ফায়ার বার্ডসের। এখনকার চাকরিটা অবশ্য নিজের দেশ অস্ট্রেলিয়াতেই। সাউথ অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ।
এরপর হয়তো অন্য কোনো দলের দায়িত্ব নেবেন, কিংবা আবারও কোচ হয়ে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু সিডন্সের মনের একটা কোণে বাংলাদেশ ঠিকই থেকে যাবে। কফির পেয়ালায় চুমুক দিয়ে মেয়েদের গল্প শোনাবেন, ‘আমি যখন বাংলাদেশে ছিলাম...।’