বাংলাদেশকে ভয় পাচ্ছেন নেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দ্রে নেল
আন্দ্রে নেল

ডেল স্টেইনের মন্তব্য নিয়ে তোলপাড়ই হয়ে গিয়েছিল। ‘ক্যারিয়ারের এই পর্যায়ে আর যত বল করার বাকি আছে, সেগুলো বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অপচয় না করে বড় কোনো টুর্নামেন্টেই করতে চাইব আমি’—দক্ষিণ আফ্রিকা পেসার বলেছিলেন গত মাসে। এই মুহূর্তে বাংলাদেশ যেভাবে খেলছে তাতে হয়তো আরেকবার ভাবতে পারেন স্টেইন। পূর্বসূরি আন্দ্রে নেলও সতর্ক করে দিলেন, বাংলাদেশে ওয়ানডের জন্য খর্বশক্তির দল পাঠালে ভুল করবে আফ্রিকা।
শুধু স্টেইন নন, বাংলাদেশ সফরের ওয়ানডে দলে থাকছেন না ভারনন ফিল্যান্ডারও। মরনে মরকেল, রায়ান ম্যাকল্যারেন ও কাইল অ্যাবটকে নিয়ে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ তারপরও শক্তিশালী। তবে ৭৯ ওয়ানডেতে ১০৬ উইকেট নেওয়া নেল যেন ঠিক আশ্বস্ত হতে পারছেন না, ‘তাদের অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের ভালো একটা ভারসাম্য আছে। আমরা একটু খর্বশক্তির দল নিয়ে যে যাচ্ছি, সেটাই একটু ভাবাচ্ছে আমাকে।’
বাংলাদেশকে বড় প্রতিপক্ষ হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল ইস্টার্নসের এই কোচ, ‘ওদের সিনিয়রদের বয়স ৩০-এর বেশি নয়। ওরা খুবই বিপজ্জনক একটা দল এখন। চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত হয়ে যাওয়া মানেই ওরা আগের চেয়ে কম হুমকি হবে ব্যাপারটা মোটেই এমন হবে না।’ পাকিস্তান ও ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সিরিজ জয়কেও মনে করিয়ে দিয়েছেন, ‘ভারত ও পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পর ওরা এখন ছন্দটা ধরে রাখতে চাইবে। ভারতের পর দক্ষিণ আফ্রিকাকেও যদি হারিয়ে দেয়, বোঝাই যাবে বাংলাদেশ দল নিজেদের কোথায় নিয়ে গেছে। এত দিন তাদের জিম্বাবুয়ের সঙ্গে তুলনা করা হতো। এরপর তা আর হবে না।’
২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে ক্যারিয়ার-সেরা বোলিং করেছিলেন। এবার বাংলাদেশের পেসাররা মুগ্ধ করেছেন নেলকে। কৃতিত্বটা দিচ্ছেন কোচিং দলের সদস্যদের, ‘হাথুরুসিংহে ও হিথ স্ট্রিক ওদের বোলারদের খুব ভালোভাবে পথ দেখাতে পারছে। কৃতিত্বটা ওদেরও দিতে হবে। ওদের সিনিয়র খেলোয়াড়েরা দায়িত্ব নিয়ে খেলছে, নতুনরাও বুঝতে পারছে অবদান রাখতে হবে। একে অন্যের জন্য খেলছে, মাথা খাটাচ্ছে। এ জন্যই ওরা অনেক বেশি কার্যকর।’ এএফপি।