বাংলাদেশকে মনে রাখবেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মাটিতে এই এশিয়া কাপই শেষ আফ্রিদির। ছবি: প্রথম আলো
বাংলাদেশের মাটিতে এই এশিয়া কাপই শেষ আফ্রিদির। ছবি: প্রথম আলো

বাংলাদেশের মাটিতে কি তবে খেলছেন শেষবারের মতো ? প্রশ্নটা শুনে পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি পাল্টা প্রশ্ন ছুড়লেন, ‘আমাকে বিপিএলে দেখতে চান না?’ বলেই এক প্রস্থ হাসি।
বিপিএলে আফ্রিদিকে হয়তো আরও অনেকবার দেখা যাবে। কিন্তু বিপিএল আর জাতীয় দলের হয়ে খেলা তো এক নয়। ভারত-পাকিস্তান মহারণের আগে তাই আফ্রিদিকে বলতে হলো ক্রিকেট থেকে বিদায় প্রসঙ্গে। অনেক দিন ধরেই যে বিদায়ের রাগিণী বাজছে পাকিস্তান অলরাউন্ডারের।
অবশ্য আফ্রিদি স্পষ্ট করে বলেননি—কখন অবসর নেবেন। তবে ধরা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মাটিতে এই এশিয়া কাপই হয়তো শেষ আফ্রিদির।
১৯৯৮ সালে ইনডিপেনডেন্টস কাপ দিয়ে শুরু। গত ১৮ বছরে ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশে আফ্রিদি খেলেছেন ৩৭ ম্যাচ। ১ টেস্টে রান ২১, উইকেট ২টি। ৩০ ওয়ানডেতে ২৫.৫০ গড়ে রান ৫৬১। সর্বোচ্চ ৮৩। উইকেট ৩২টি। ৬ টি টোয়েন্টিতে রান ৮৮, উইকেট ৫।
এসব পরিসংখ্যান অবশ্য আফ্রিদির উজ্জ্বল মুহূর্তগুলো তুলে ধরতে পারবে না। পরিসংখ্যানে বোঝা যাবে না, কবজির মোচড়ে এক-দুই ওভারে পর পর বাউন্ডারি মেরে কতবার ম্যাচ ঘুড়িয়ে দিয়েছেন। দর্শকদের দিয়েছেন নির্মল আনন্দ।
দীর্ঘ এই সময়ে বাংলাদেশের মাটিতে যোগ হয়েছে বহু স্মৃতি। ক্যারিয়ারের গোধূলি বেলায় এসে বাংলাদেশের মানুষের ভালোবাসার কথাই জানাচ্ছেন আফ্রিদি, ‘সব সময়ই বাংলাদেশে খেলাটা বড় ব্যাপার। এখানে আমার প্রতি মিনিট, প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। এখানে থাকাটা উপভোগ করেছি। এখানকার মানুষের আতিথেয়তা চমৎকার।’
যেহেতু শোনা যাচ্ছে, আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন আফ্রিদি। তাঁর বিদায় নিয়ে যত আলোচনাই হোক, পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়ক বিষয়টি এড়িয়েই যেতে চাইলেন, ‘আমার কাছে বিদায়ের চেয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপ (টি-টোয়েন্টি) বেশি গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমার মনোযোগ এগুলোতেই।’