বাংলাদেশকে ম্যাচে ফেরালেন দুই অভিষিক্ত বোলার

বাংলাদেশের দুই অভিষিক্ত বোলার শুভাগত হোম ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। ১৭ রানের ব্যবধানে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান। বৃষ্টি বাগড়া দেওয়ার আগে সেন্ট ভিনসেন্ট টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৩.২ ওভারে ২ উইকেটে ১৩৪ রান।
শুভাগত আর সোহাগ গাজীর মধ্যে কি অদ্ভুত মিল! বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠায় ক্যারিবীয় সফরের মাঝপথেই দেশে ফিরেছেন সোহাগ। এতে টেস্ট দলে সুযোগ পাওয়ার পথ প্রশস্ত হয়েছে শুভাগত হোমের। আর অভিষেকেই তুলে নিলেন ক্রিস গেইলের উইকেটটি। ঠিক দুই বছর আগে সোহাগের টেস্ট অভিষেকে প্রথম উইকেটটি ছিল গেইল!
ফেরার আগে গেইল করেছেন ৬৪। অবশ্য বাঁহাতি ওপেনারকে আউট করতে রিভিউ নিতে হয়েছে বাংলাদেশকে। টিভি রিপ্লেতে দেখা গিয়েছে গেইল পরিষ্কার এলবিডব্লিউ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটটি নিয়েছেন আরেক অভিষিক্ত স্পিনার তাইজুল। কার্ক এডওয়ার্ডসকে ১০ রানে ফিরিয়েছেন তাইজুল । ক্রেগ ব্রাফেট উইকেটে রয়েছেন ৫৮ রানে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত অবশ্য অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি বাংলাদেশের বোলাররা। দুই ওপেনার ক্রিস গেইল ও ক্রেগ ব্রাফেটের সাবলীল ব্যাটিংয়ে ওই সেশনে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০৩।
১৮ ওভারের শেষ বলে অল্পের জন্য রানআউট থেকে বেঁচে যান গেইল। অবশ্য টিভি রিপ্লেতে দেখার পরও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকতে পারে। এরপর ২২তম ওভারে বোলার রুবেল হোসেনের হাতেই ক্যাচ তুলে দিয়েছিলেন গেইল। রুবেল সেটি তালুবন্দী করতে পারেননি।