বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো কোচ শ্রীলঙ্কার দায়িত্বে
দুই টেস্টের সিরিজ খেলতে আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা দল। এ সফরের আগে নতুন চার কোচ নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রধান কোচ ক্রিস সিলভারউডের সহকারী হিসেবে তারা নিয়োগ দিয়েছে দেশটির সাবেক টেস্ট ক্রিকেটার নাভিদ নেওয়াজ। তিনি এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের কোচ ছিলেন।
নেওয়াজ বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ সালের জুলাইয়ে। শ্রীলঙ্কান এই কোচের অধীনই ২০২০ সালে যুব বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। এবার তিনি বাংলাদেশ জাতীয় দলের প্রতিপক্ষ হয়ে আসতে যাচ্ছেন ঢাকায়। নেওয়াজের সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিটি দুই বছরের জন্য।
নেওয়াজের মতো প্রধান কোচ সিলভারউডেরও শ্রীলঙ্কার কোচিং–অধ্যায় শুরু হবে বাংলাদেশ সফর দিয়ে। শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচ হিসেবে বাংলাদেশে আসবেন দলটির সাবেক ফাস্ট বোলার চামিন্ডা ভাস। এ ছাড়া পিয়াল বিজেতুঙ্গে শ্রীলঙ্কার নতুন স্পিন বোলিং কোচ হয়েছেন। মনোজ আবেবিক্রমা দলটির নতুন ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছেন। বিজেতুঙ্গে শ্রীলঙ্কার হয়ে একটিমাত্র টেস্ট খেলেছেন।
বাংলাদেশ–শ্রীলঙ্কা প্রথম টেস্টটি হবে চট্টগ্রামে ১৫ মে থেকে। ২৩ মে দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে।