বাংলাদেশকে সমীহ সরফরাজেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরফরাজ আহমেদ
সরফরাজ আহমেদ

‘এবার আমরাই ফেবারিট।’ ১৬ বছর ধরে পাকিস্তানকে হারাতে না পারলেও এমনই সাহসী উচ্চারণ করেছিলেন সাকিব আল হাসান। এর জবাবে মোহাম্মদ হাফিজ যেন খোঁচা মেরে জানিয়ে দিয়েছিলেন, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর তিন ধরনের ক্রিকেটের কোনোটাতেই বাংলাদেশ হারাতে পারেনি পাকিস্তানকে। অবশ্য এরপরই ‘বাংলাদেশ ভালো’ ধরনের পরিচিত কিছু বাক্য আওড়েছেন। সেটা সত্যিই মন থেকে বিশ্বাস করেন, নাকি নিছক ভদ্রতা, বোঝা যায়নি।
এবার বাংলাদেশ নিয়ে বললেন সরফরাজ আহমেদও। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া এই উইকেটরক্ষকও বাংলাদেশকে সমীহ করছেন। সমীহ করছেন বিশ্বকাপের কারণেই, ‘বাংলাদেশ এখন বেশ ভালো খেলছে। তা ছাড়া নিজেদের মাটিতে ওরা সব সময়ই ভালো খেলে। আমরা তাই ওদের মোটেও হালকা করে নিচ্ছি না। আমরা আমাদের সেরাটাই দেব।’
‘সমীহ করছি’, ‘ভালো দল’, ‘উন্নতি করছে’-প্রতিপক্ষের মুখে এসব শুনে বাংলাদেশ এখন আর তৃপ্ত হয় না। হিসাবটা মাঠেই বুঝিয়ে দিতে চায়। তবে পাকিস্তানের বেলায় কেন জানি সব সময় হিসাবটা মেলানো যায় না। এবার কি নতুন দিনের পালা? সূত্র: এএফপি।